পোর্ট এলিজাবেথ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোনো দলই গোল পায়নি। তাই বিশ্বকাপে মঙ্গলবার পর্তুগাল এবং আইভরি কোস্ট পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
'জি' গ্র"পের এই খেলায় প্রথম থেকেই দু'দল অত্যন্ত দ্রুতগতির ফুটবল খেলে। আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ইউরোপ ও আফ্রিকা, দুই ধরনেরই ফুটবলই দেখা গেছে নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে।
ক্রিশ্চিয়ানো রোনালদোকে তার স্বরুপে প্রথম দেখা যায় খেলার ১০ মিনিটে। প্রায় ২৫ গজ দূর থেকে ডান পায়ে প্রচণ্ড শট নেন। বাঁক নিয়ে বলটি আইভরি কোস্টের গোলরক্ষক বুবাকার বেরিকে পরাস্তও করে। কিন্তু বারপোস্টে লেগে ফিরে আসে।
পর মুহূর্তে পাল্টা আক্রমণ চালিয়ে পর্তুগালকে রীতিমতো কাঁপিয়ে দেয় আইভরি কোস্ট। সিয়াকা তিনের ফ্রি-কিক অল্পের জন্য বারের ওপর দিয়ে বাইরে চলে যায়।
পর্তুগালের পক্ষে মাঝ-মাঠে খেলা তৈরি করছিলেন ডেকো। তার ঠিক সামনেই ছিলেন রোনালদো। কিন্তু তার ওপর কড়া নজর রেখেছিল আইভরি কোস্টের রক্ষনভাগ। প্রয়োজনে অবৈধভাবেও রোনালদোকে বাধাও দেয়া হচ্ছিল।
এক সময় এতে মেজাজ হারিয়ে ফেলে রেফারির প্রতি উষ্মা প্রকাশ করেন তিনি। হলুদ কার্ড দেখে এর মাসুল গোনেন ফিফার সাবেক বর্ষসেরা এই ফুটবলার।
প্রথমার্ধের শেষ দিকে পর্তুগালের খেলার ধার কিছুটা কমে যায়। আর বলের দখল নেয়ার পাশাপাশি আক্রমণও করে যেতে থাকে আইভরি কোস্ট। কিন্তু গোল আদায় করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই টানা দু'টি আক্রমণ করে আইভরি কোস্ট। প্রথমবার কঠিন একটি কোণ থেকে জারভেস কুয়াসি যে শট নেন তা কর্নারের বিনিময়ে রক্ষা করেন পর্তুগিজ গোলরক্ষক এডোয়ার্ডো।
খানিক পরেই ইয়াইয়া তোরের কাছ থেকে বল পেয়ে বক্সের ঠিক বাইরে থেকে সলোমন কালু শট নিলেও তা লুফে নেন ওই এডোয়ার্ডোই।
প্রাথমিক ঝড় সামলে আক্রমণে ফেরে পর্তুগাল। ডেকো চমৎকার ক্রস করেছিলেন আইভরি কোস্টের বিপদ সীমানায়। কিন্তু সেই বলে মাথা ছোঁয়াতে পারেননি কোনো খেলোয়াড়।
তবে ৫৭ মিনিটে ডেকোর ক্রসে দারুণভাবে মাথা ছুঁইয়েছিলেন লিডসন। কিন্তু তার চেয়েও দুর্দান্তভাবে সেই বল ধরে নেন আইভরি কোস্ট গোলরক্ষক বেরি।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে প্রতীক্ষার অবসান ঘটিয়ে সলোমন কালুর জায়গায় মাঠে নামেন দিদিয়ের দ্রগবা। তবে নিজেকে মেলে ধরতে পারেননি ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বাধিক গোলদাতা।
এদিকে রোনালদোও গোটা ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি। ৭৯ মিনিটে ৩০ গজ দূর থেকে একটি শট নেন। কিন্তু বল বারের বেশ ওপর দিয়ে চলে যায়।
খেলার একেবারে শেষ দিকে আইভরি কোস্ট রীতিমতো চেপে ধরেছিল পর্তুগালকে। ছোট বক্সের ভেতর থেকে দ্রগবার ক্রসে কেউ পা ছোঁয়াতে পারেনি।
শেষ পর্যন্ত গোল শূন্য ম্যাচে পয়েন্ট ভাগাভাগিই করে নেয় দু'দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২০৪ ঘ.
bdnews24