পোর্ট এলিজাবেথ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পর্তুগাল এবং আইভরি কোস্ট, কোনো দলই প্রথমার্ধে গোলের দেখা পায়নি।
বিশ্বকাপে মঙ্গলবার 'জি' গ্র"পের এই খেলায় প্রথম থেকেই দু'দল অত্যন্ত দ্রুতগতির ফুটবল খেলে। আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ইউরোপ ও আফ্রিকা, দুই ধরনেরই ফুটবল দেখা গেছে নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে।
ক্রিশ্চিয়ানো রোনালদোকে তার স্বরুপে প্রথম দেখা গেছে খেলার ১০ মিনিটে। প্রায় ২৫ গজ দূর থেকে ডান পায়ে প্রচণ্ড শট নেন। বাঁক নিয়ে বলটি আইভরি কোস্টের গোলরক্ষক বুবাকার বেরিকে পরাস্তও করে। কিন্তু বারপোস্টে লেগে ফিরে আসে।
পর মুহূর্তে পাল্টা আক্রমণ চালিয়ে পর্তুগালকে রীতিমতো কাঁপিয়ে দেয় আইভরি কোস্ট। সিয়াকা তিনের ফ্রি-কিক অল্পের জন্য বারের ওপর দিয়ে বাইরে চলে যায়।
পর্তুগালের পক্ষে মাঝ-মাঠে খেলা ধরে রেখেছিলেন ডেকো। তার ঠিক সামনেই ছিলেন রোনালদো। কিন্তু তার ওপর কড়া নজর রেখেছিলেন আইভরি কোস্টের রক্ষনভাগ। প্রয়োজনে অবৈধভাবেও রোনালদোকে বাধা দিচ্ছিলেন তারা।
এক সময় এতে মেজাজ হারিয়ে ফেলে রেফারির প্রতি উষ্মা প্রকাশ করেন তিনি। হলুদ কার্ড দেখে এর মাসুল দেন ফিফার সাবেক বর্ষসেরা এই ফুটবলার।
প্রথমার্ধের শেষ দিকে পর্তুগালের খেলার ধার কিছুটা কমে যায়। আর বলের দখলের পাশাপাশি আক্রমণও করে যেতে থাকে আইভরি কোস্ট। কিন্তু গোল আদায় করতে পারেনি।
দূর-পাল্লার কয়েকটি শট ছাড়া গোলের পরিস্কার কোনো সুযোগ আইভরি কোস্ট তৈরি করতে পারেনি।
এর ফাঁকে ফাঁকে পর্তুগালও অবশ্য পাল্টা আক্রমণ চালায়। কিন্তু গোলের দেখা মেলেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১১৪ ঘ.
bdnews24