প্রিটোরিয়া, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেক্সিকোর সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী খেলায় ১-১ গোলে ড্রয়ের পর আবারো মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। বুধবার প্রিটোরিয়ার লফটাস ভার্সফেল্ড স্টেডিয়ামে গ্র"প 'এ' এর এই ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ উরুগুয়ে।
এক ম্যাচ করে খেলা দুই দলেরই পয়েন্ট এক। তবে উরুগুয়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছে। কেননা ফ্রান্সের মতো কঠিন প্রতিপক্ষের কাছ থেকে তারা কেড়ে নিয়েছে এক পয়েন্ট।
তবে বিশ্বকাপের ইতিহাস কিন্তু সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকার। এখন পর্যন্ত কোন স্বাগতিক দেশই প্রথম পর্ব থেকে বিদায় নেয়নি। সেই রেকর্ডের ধারাবহিকতা ধরে রাখার জন্য উরুগুয়ের বিপক্ষে জয় চাই 'বাফানা বাফানা'দের।
মেক্সিকোর বিপক্ষে গোল করে তারকা বনে যাওয়া শাবালালা বলছিলেন, "মেক্সিকোর বিপক্ষে জিততেই যাচ্ছিলাম আমরা। কিছু ভুল সব শেষ করে দিয়েছে। এবার সেই ভুল না করলেই জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো।"
এই খেলায় দক্ষিণ আফ্রিকার মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন উরুগুয়ের আক্রমণভাগের খেলোয়াড় ডিয়েগো ফেরালান। তাকে আটকানোর কৌশল ঠিক করেই মাঠে নামবে স্বাগতিকরা। রক্ষণভাগের ফুটবলার বোনগানি খুমালো বলছিলেন, "উরুগুয়ের বিপক্ষে জিততে হলে ডিয়েগো ফোরলানকে আটকাতেই হবে। অসাধারণ ফুটবলার ও।"
তবে উরুগুয়েও প্রস্তুত। শক্তিশালী ফ্রান্সকে আটকে দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে দ্বিতীয় পর্বে ওঠার লক্ষ্য নিয়েই তারা দক্ষিণ আফ্রিকা এসেছে। কোচ অস্কার তাবারেজ জানিয়ে দিলেন, "স্বাগতিকদের মুখোমুখি হওয়া সব সময়ই কঠিন। কিন্তু ফরাসিদের বিপক্ষে ড্র করে আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। এখন সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চাই।"
এমনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উরগুয়ের রেকর্ড বেশ ভালো। সর্বশেষ খেলায় ৪-৩ গোলে হারায় তারা 'বাফানা বাফানা'দের।
অবশ্য উরুগুয়ের প্রতিপক্ষ শুধু দক্ষিণ আফ্রিকার ১১ জন ফুটবলারই নয়। গ্যালারির দর্শকরাও। এরইমধ্যে ভুভুজেলা নামের বাশির শব্দে অস্থির হয়ে উঠেছেন অনেকে। কিন্তু স্বাগতিক দলের জন্য এই শব্দই হয়ে উঠবে অনুপ্রেরণা।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অ্যারন মোকোরেনা সমর্থকদের তাই ভুভুজেলা নিয়ে গ্যালারিতে আসতে অনুরোধ করেছেন, "আমরা চাই গ্যালারিতে সারাক্ষণ ভুভুজেলা বাজতে থাকুক, তাহলে বাড়তি অনুপ্রেরণা পাবো।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮০৬ ঘ.
bdnews24