২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডের বিপক্ষে স্পেন এগিয়ে

ফেবারিট দেশগুলোর অন্যতম স্পেনের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে বুধবার। ডারবানে ইউরো চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 11:52 AM

Updated : 25 Aug 2022, 12:13 PM

ডারবান, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেবারিট দেশগুলোর অন্যতম স্পেনের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে বুধবার। ডারবানে ইউরো চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। ম্যাচের ঠিক আগে স্পেনের তারকা সিসে ফ্যাব্রেগাস জানিয়ে দিয়েছেন, "আমরা শিরোপা জিততেই এসেছি।" ইউরো ২০০৮ এ চ্যাম্পিয়ন হওয়ার পরই বিশ্ব ফুটবলে স্পেন অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তারাই একমাত্র দল যারা বিশ্ব চ্যাম্পিয়ন না হয়েও ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছেছিল। গোলে ইকার ক্যাসিয়াস, রক্ষণভাগে কার্লোস পুওল, মাঝ-মাঠে দুই যাদুকর জাভি এবং ইনিয়েস্তা, আর আক্রমণভাগে ডেভিড ভিলা এবং ফার্নান্ডো টোরেসের মতো তারকা থাকায় স্পেনকে এই প্রজন্মের সেরা দলই বলা হচ্ছে। সে কারণেই ব্রাজিলের পাশাপাশি স্পেনও বিশ্বকাপ জিততে পারে বলে মনে করছেন ফুটবলবোদ্ধারা। কোচ ভিসেন্ত দেল বস্কোর প্রশিক্ষণে বাছাই পর্বের দশটি খেলাই জেতে স্পেন। তাই আত্মবিশ্বাসী ফ্যাব্রেগাস বলেছেন, "শিরোপা জেতার জন্য আমরা আমাদের সেরাটাই উজাড় কওে দেব।" স্পেন সেরা একাদশকেই মাঠে নামাচ্ছে। ভাবনা ছিল ইনিয়েস্তার চোট। সেই চোটও এখন সেরে গেছে। এদিকে ম্যাচের আগেই নিজেদের 'আন্ডারডগ' হিসেবে মেনে নিয়েছেন সুইজারল্যান্ডের কোচ ওটমার হিজফেল্ড। তিনি বলেছেন, "স্পেনের বিপক্ষে আমরা রক্ষণাত্মক ফুটবল খেলব। কারণ স্পেনকে ঠেকানো খুবই কঠিন। পাল্টা-আক্রমণ থেকে গোল আদায় করাই আমাদের লক্ষ্য। কারণ খেলায় স্পেনের কাছেই তো বল থাকবে ৬০ থেকে ৭০ ভাগ সময়।" কোচের সঙ্গে একমত সুইজারল্যান্ডের মাঝ-মাঠের খেলোয়াড় গেলসন ফার্নান্দেজও। তিনি বলেছেন, "স্পেন যে কেমন দল তা সবাই জানে। বার্সেলোনার মতো ওরাও অপ্রতিরোধ্য। একটা দলকে এত ভালো খেলতে আমি আগে দেখিনি। আমাদের বিরুদ্ধে সবদিক দিয়েই ওরা এগিয়ে।" তারপরও তিনি বলছেন, তাদের লক্ষ্য স্পেনকে অন্তত একটি কিংবা দু'টি গোল দেয়া। কারণ ম্যাচ যে ড্র হবে না তা আগেই বলে দেয়া যায়। এই ম্যাচে কোচ হিজফেল্ড পাচ্ছেন না দলের অন্যতম সেরা তারকা আক্রমণভাগের খেলোয়াড় আলেকজান্ডার ফ্রেইকে। কারণ চোট। একই কারণে নেই মাঝ-মাঠের খেলোয়াড় ভ্যালন বেহরামিও। তারপরও শক্তিশালী প্রতিপক্ষকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান হিজফেল্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৭৩৫ ঘ.