২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই গোলে নেদারল্যান্ডসের জয়

নেদারল্যান্ডস বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছে ডেনমার্ককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 01:02 PM

Updated : 25 Aug 2022, 12:10 PM

জোহানেসবার্গ, জুন ১৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - নেদারল্যান্ডস বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছে ডেনমার্ককে। সকার সিটি স্টেডিয়ামে সোমবার 'ই' গ্র"পের খেলার ৪৬ মিনিটে ডেনমার্কের ড্যানিয়েল আগেরের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ওলন্দাজরা। ৮৫ মিনিটে ডার্ক কুইট দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। খেলার প্রথমদিকে কিছুক্ষণ দু'দলই যেন শক্তি পরখ করে নিচ্ছিল। তাই অন্তত দশ মিনিটের খেলা ছিল অপেক্ষাকৃত ধীর গতির। মনে হয়েছে কেউ আগে গোল হজম করতে রাজি নয়। এরপর ধীরে ধীরে কিছুটা হলেও ডেনমার্ককে চেপে ধরে নেদারল্যান্ডস। কিন্তু গোলের পরিষ্কার কোনো সুযোগ তারা তৈরি করতে পারেনি। দশ মিনিটের মাথায় প্রথম সুযোগটি পেয়েছিল নেদারল্যান্ডস। ডার্ক কুইট ডেনমার্কের বক্সের কাছাকাছি পৌঁছে তীব্র শট নেন। কিন্তু ডেন গোলরক্ষক টমাস সোরেনসন প্রথমবার ঠিকমতো বল ধরতে পারেননি। হাত থেকে ছুটে গিয়েছিল। দ্বিতীয় প্রচেষ্টায় অবশ্য ধরে ফেলেন। একের পর এক আক্রমণ চালিয়ে আরেকটি সুযোগ তৈরি করেছিল নেদারল্যান্ডস। কিন্তু ফন ডার ফার্টের শট বারের ওপর দিয়ে চলে যায়। ডেনমার্ক প্রথম সুযোগটি পেয়েছিল ২৬ মিনিটে। ডানদিক থেকে মাপা ক্রস করেছিলেন ডেনিস রমেডাল। কিন্তু নিকোলাস বেতনারের হেড পোস্ট ঘেসে বাইরে চলে যায়। এর পর ডেনমার্ক কিছুটা জেগে ওঠে। বেশ কিছু আক্রমণ চালায় ওলন্দাজদের গোলমুখে। এ সময় খুবই ব্যস্ত হয়ে ওঠেন ওলন্দাজ গোলরক্ষক মার্টেন স্টেকেলেনবার্গ। তীব্র শট ঠেকান রমেডালের। মিনিট চারেক পর ডেনমার্কের ক্রিশ্চিয়ান পলসেনের দুরন্ত শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি। বিরতির সামান্য আগে ডেনমার্কের বক্সে ঢুকে পড়েছিলেন নেদারল্যান্ডসের ফন পার্সি। কিন্তু তার শটও চলে যায় পোস্টের বাইরে দিয়ে। বিরতির পর খেলা শুরু হতেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। তবে আত্মঘাতী গোলে। ফন পার্সির ক্রস মাথা দিয়ে ফেরাতে চেয়েছিলেন ডেনমার্কের সিমন পলসেন। কিন্তু সতীর্থ ড্যানিয়েল আগেরের পিঠে লেগে দিক বদলে বল ঢুকে যায় নিজেদের জালে। গোল খাওয়ার পর তার শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ডেনমার্ক। কিন্তু তাদের আক্রমণ থেমে যায় ওলন্দাজদের রক্ষনভাগে। বরং পাল্টা আক্রমণ চালিয়ে গোলের সম্ভাবনা তৈরি করেছিল নেদারল্যান্ডসই। ফন ডার ফার্টের চমৎকার শট ধরে ফেলেন সোরেনসেন। এরপর ফন পার্সিও একটি সুযোগ নষ্ট করেন। ৭২ মিনিটে বদলি খেলোয়াড় এলিয়ারের শট ঘুষি মেরে বিপদমুক্ত করেন গোলরক্ষক। এরপরই ফন বোমেলের তীব্র শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি। ৮১ মিনিটে গোলের আরেকটি সুযোগ নষ্ট করে ওলন্দাজরা।