অনেকেরই বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে মঙ্গলবার থেকে। যা বলতে চাইছিলাম, শুরু হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ। উত্তর কোরিয়ার মুখোমুখি হচ্ছে তারা। বলতে আপত্তি নেই আমি নিজেও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশটির সমর্থক।
ওদের নান্দনিক আর ছন্দময় ফুটবলের প্রেমে পড়েছি সেই ছোটবেলাতেই। ফুটবল বিশ্বে যে এতো জনপ্রিয় তার পেছনে সবচেয়ে বড় ভুমিকাও ওদের।
কিন্তু দুঃখ হচ্ছে 'জোগো বেনিতো' মানে সুন্দর ফুটবল থেকে সরে গেছে ওরা। এ নিয়ে অবশ্য অনেকেই কোচ ডুঙ্গার সমালোচনায় মুখর।
কিন্তু আমি সে পথ মাড়াবো না। তাছাড়া রোনালদিনহো কিংবা আদ্রিয়ানোর দলে না থাকাকেও বড় কোনো ব্যাপার বলে মনে হচ্ছে না আমার। দেখুন, ওরা এখন কাগুজে বাঘ! ডুঙ্গার মতো আমারও মনে হচ্ছে ওরা সেরা সময় পেছনে ফেলে এসেছে। ওদের দলে রাখলে বরং ক্ষতিই হতো।
তারকা ফুটবলারদের ক্ষেত্রে যা হয়, তাদের ওপর নজর থাকে প্রতিপক্ষের। অনেকটা তারকা-বিহীন এই ব্রাজিল দল সেই সমস্যা থেকে মুক্ত থাকবে।
এমনিতে কাকা, রবিনহো আর ফাবিয়ানোকে নিয়ে গড়া আক্রমণভাগ অসাধারণ। ওদের সামাল দিতেই বেশ বেগ পেতে হবে উত্তর কোরিয়ার। ৪৪ বছর পর বিশ্বকাপ খেলতে গিয়ে সবচেয়ে কঠিন প্রতিপক্ষকেই সামনে পেলো কোরীয়রা।
তারকা মূল্য আর অভিজ্ঞতা, এই দু'দিক দিয়ে বেশ পিছিয়ে আছে উত্তর কোরিয়া। আসলে 'মৃত্যু কূপে' আছে ওরা। ব্রাজিল চাইবে বড় জয় দিয়ে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে। সেটা সম্ভব!
আইভরি কোস্ট- পর্তুগাল
শুনেছি আইভরি কোস্ট তাদের সেরা তারকা দিদিয়ের দ্রগবাকে পাচ্ছে না প্রথম খেলায়। মঙ্গলবার চোটের কারণে নাও খেলতে পারেন খেলা তৈরির এই কারিগর। এমনটা ঘটলে মনোবল এবং শক্তি দুই দিক দিয়েই পিছিয়ে পড়বে আফ্রিকার দেশটি।
চোট নিয়ে সমস্যায় আছে অবশ্য পর্তুগালও। ন্যানি শেষ মুহূর্তে বাদ পড়েছেন দল থেকে। ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু ঠিকই আছেন। ও একাই বদলে দিতে পারে খেলার চেহারা।
এমনিতে পর্তুগালের ফুটবলও আমার মন ছুঁয়ে যায়। ওদের খেলায় লাতিন-ছন্দ রয়েছে। আমার মনে হয় সেই ছন্দের সঙ্গে পেরে উঠবে না আইভরি কোস্ট।
কিন্তু আইভরি কোস্ট খেলতে নামবে তাদের চেনা পরিবেশে। সেটা হয়তো সমস্যার কারণ হতে পারে পর্তুগালের। এছাড়া দলের বেশিরভাগ ফুটবলারই খেলছেন ইউরোপের বিভিন্ন ক্লাবে। এমন বড় ম্যাচের চাপ কিভাবে সামাল দিতে হয় তা ভালো করেই জানা আছে তাদের।
গ্রুপ'জি' এর ম্যাচ নিয়ে আগাম কিছু বলা আসলে মুশকিল। দ্বিতীয় পর্বে ওঠার লড়াইয়ে থাকছে ব্রাজিল ও পর্তুগালের পাশাপাশি দ্রগবার আইভরি কোস্টও।
এদিকে উত্তর কোরিয়ার বিশ্বকাপ ইতিহাসটাও রঙিণ! ৪৪ বছর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা।
নেদারল্যান্ডস-ডেনমার্ক
আমি বরাবরই নেদারল্যান্ডস ফুটবলের ভক্ত। ওদের 'টোটাল ফুটবল' দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য ওলন্দাজরা এখনো বিশ্বকাপ ছুঁতে পারলো না।
সোমবার ডেনমার্কের বিপক্ষে ওদের খেলা দেখে মনে হয়েছে এটা ঠিক শিরোপা জেতার মতো দল নয়। তারপরও কোয়ার্টার ফাইনালে ঠিকই উঠে যেতে পারে।
ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে গ্রুপ 'ই' থেকে দ্বিতীয় পর্বের পথে এক পা বাড়িয়ে রাখলো তারা।
নেদারল্যান্ডস সবসময়ই মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিতে অন্যদের চেয়ে বেশি দক্ষ। এই ম্যাচেও তাই দেখলাম। ওরা সহজে বল ছাড়েনা। যেটা দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু সময় নষ্ট হচ্ছে কিনা সেটাও দেখার বিষয়।
তবে ডার্ক কুইট এবং ফন পার্সির খেলা আমার বেশ মনে ধরেছে। সুযোগ কিভাবে কাজে লাগাতে হয় ওরা সেটা জানে।
ডেনমার্কের বিশ্বকাপ অভিযান হয়তো শেষ হয়ে যেতে পারে প্রথম পর্বেই। আক্ষরিক অর্থেই চমক জাগানো ফুটবল খেলতে পারেনি ওরা।
জাপান-ক্যামেরুন
মনে করেছিলাম ম্যাচটা বুঝি ক্যামেরুনই জিততে যাচ্ছে। দলে তারকা ফুটবলারের অভাব নেই। কিন্তু জাপান তাদের চমকে দিলো। ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বের পথে খানিকটা এগিয়ে গেলো।
কিন্তু দর্শক হিসেবে ম্যাচটা মোটেও উপভোগ করতে পারিনি। বিশেষ করে, প্রথমার্ধে দু'দলই খেলেছে এলোমেলো আর অপরিকল্পিত ফুটবল। বিশ্বকাপে এমন ম্যাচ দেখতে ভালো লাগে না।
আসলে বল মাঝ মাঠে থাকলে কি আর খেলায় প্রাণ থাকে? দ্বিতীয়ার্ধে জাপান মুগ্ধ করেছে আমাকে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গেলেও রক্ষণাত্মক ফুটবল খেলেনি ওরা।
তবে শেষদিকে ক্যামেরুনও চেপে ধরেছিল জাপানকে। ৮৭ মিনিটে সমতা ফিরে আসতে পারতো ম্যাচে। কিন্তু স্তেফান এমবিয়ার শট জাপানের গোলপোস্টে লেগে ফিরে আসে।
হতাশ হয়েছি স্যামুয়েল ইতোর খেলা দেখে। ওর মতো বিশ্বমানের ফুটবলারকে তো খুঁজেই পেলাম না। মনে হয় রজার মিলা ভুল বলেন নি- ইতো আসলে ক্লাব-ফুটবলার!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২৩২১ ঘ.
bdnews24