দক্ষিণ আফ্রিকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধারাভাষ্যকার ও দর্শক-শ্রোতার অনুরোধে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী বাঁশি ভুভুজেলা নিয়ে ঢোকা নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছেন বিশ্বকাপ ফুটবল আয়োজক কমিটির প্রধান ড্যানি জর্ডান।
এই বাঁশির একটানা তীব্র আওয়াজের কারণে মাঠের অন্যান্য শব্দ ঠিক মতো শোনা যায় না। ফলে মাঠে কি ঘটছে তা বুঝতে অসুবিধা হয়।
জর্ডান বলেছেন, মাঠে সমস্যার সৃষ্টি করছে, এমন সব কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ফ্রান্সের অধিনায়ক প্যাট্রিক এভরা এরই মধ্যে অভিযোগ করেছেন, "ভুভুজেলার আওয়াজ শুনে মনে হয় হাজার হাজার মৌমাছি এক সঙ্গে উড়ছে। লোকজন সকাল ছয়টা থেকে এই বাঁশি বাজানো শুরু করায় আমাদের ঘুমেরও সমস্যা হয়"।
এর আগে কম আওয়াজ করে, এমন বাঁশি নিয়ে মাঠে ঢোকার অনুমতি দিয়েছিল আয়োজক কমিটি।
স্টেডিয়ামের ভেতর ভুলুজেলা নিয়ে ঢোকা নিষিদ্ধ করার অনুমতি নেয়ার চেষ্টা করেছে কমিটি। তবে এটা বেশ কঠিন বলে জানিয়েছেন কমিটি প্রধান।
জর্ডান নিজেও ভুলুজেলা পছন্দ করেন না। তার চেয়ে গান অনেক ভাল বলে মনে করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৩৫ ঘ.
bdnews24