২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাল ছাড়বে না ক্যামেরুন ও জাপান

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ 'ই' এর ম্যাচে সোমবার এশিয়ার দেশ জাপানের মুখোমুখি হচ্ছে আফ্রিকার অদম্য সিংহ হিসেবে পরিচিত ক্যামেরুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 01:04 PM

Updated : 25 Aug 2022, 12:07 PM

ব্লুমফন্টেইন, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের গ্রুপ 'ই' এর ম্যাচে সোমবার এশিয়ার দেশ জাপানের মুখোমুখি হচ্ছে আফ্রিকার অদম্য সিংহ হিসেবে পরিচিত ক্যামেরুন। ফুটবল মাঠে ক্যামেরুন নাম উচ্চারণ করলেই চোখে ভাসে একজনের নাম-তিনি রজার মিলা। এখন থেকে ২০ বছর আগের সেই কথা মনে আছে? আফ্রিকার প্রথম দেশ হিসেবে রজার মিলার ওপর ভর করে ১৯৯০ সালের বিশ^কাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ক্যামেরুন। এরপর সময় যতো গড়িয়েছে ততোই পা পিছলে নিচে গেছে তারা। তবে এবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আছে। রজার মিলারের মতোই একজন প্রতিভাবান খেলোয়াড় আছেন দলে। স্যামুয়েল ইতো এরই মধ্যে ক্লাব ফুটবলে উঠে গেছেন অন্য রকম এক উচ্চতায়। তবে জাতীয় দলের হয়ে তিনি ভালো খেলতে পারেননি। তাই বিস্তর সমালোচনা হয়েছে ইতোর। এরইমধ্যে তার মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং রজার মিলা। মিলার এই সমালোচনার জবাবে তিনি বলছিলেন, "প্রতিযোগিতা শুরু হলেই কিছু মানুষ আছে যারা অনর্থক সমালোচনা করে মন ভেঙ্গে দেয়ার চেষ্টা করে। তাই একটা কথাই জানতে চাইবো-মিলা দেশকে কি দিয়েছেন? বিশ^কাপ? না, তিনি দেশকে কেবল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন।" ইতো জানালেন এবার মাঠে খেলেই সমালোচনার জবাব দিতে চান তিনি। দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল (৯৬ ম্যাচে ৪৪ গোল) করেছেন আক্রমণভাগের এই খেলোয়াড়। ক্যামেরুনের কোচ পল লি গুয়েনও ভরসা রাখছেন তার অধিনায়ক ইতোর ওপর, "স্যামুয়েল ইতো আমার দলের অধিনায়ক। ও বিশ^সেরাদের একজন। তাকে তার কাজ সম্পর্কে আলাদা করে বলে দেয়ার কিছুই নেই। আমি নিশ্চিত ও ঝলসে উঠবেই।" ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৯ নম্বর দল ক্যামেরুনের বিপক্ষে খেলার ব্যাপারে জাপানও আত্মবিশ্বাসী। ২০০২ সালের আয়োজকরা জয়ের জন্যই মাঠে নামবে। দলটির কোচ তাকাশি ওকাদা বলছিলেন, "আমরা কখনোই হাল ছেড়ে দেই না।" দলের মূল ভরসা মাঝ-মাঠের খেলোয়াড় সানসুকি নাকামুরা। জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচে ২৪ গোল করেছেন এই তারকা। জাপান ১৯ জুন মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। ২৪ জুন খেলবে ডেনমার্কের বিপক্ষে। ক্যামেরুন ১৯ জুন ডেনমার্ক ও ২৪ জুন হল্যান্ডের সঙ্গে খেলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮২৭ ঘ.