রাস্টেনবার্গ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড ও যুক্তরাস্ট্রের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
বিশ্বকাপের 'সি' গ্র"পের খেলার চার মিনিটে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নেন অধিনায়ক স্টিভেন জেরার্ড। ৪০ মিনিটে গোল শোধ করেন যুক্তরাস্ট্রের ক্লিন্ট ডেম্পসি।
খেলায় কোনো দলেরই স্পষ্ট প্রাধাণ্য ছিল না। তবে গোলের সুযোগ একটু বেশিই পায় ইংল্যান্ড। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা।
নিজেদের প্রথম আক্রমণেই গোল পায় ইংল্যান্ড। ওয়েন রুনির কাছ থেকে বল পেয়ে এমিল হেস্কি তা ঠেলে দেন দেন অধিনায়ক স্টিভেন জেরার্ডের কাছে। তার বাঁ পায়ের শট আশ্রয় নেয় যুক্তরাস্ট্রের জালে।
প্রাথমিক ধাক্কা সামলে গোল শোধে মরিয়া হয়ে ওঠে যুক্তরাস্ট্র। খেলার দশ মিনিটে গোল শোধের একটি সুযোগও পায়। তবে ডেম্পসির হেড বারের ওপর দিয়ে চলে যায়।
এদিকে ইংল্যান্ডও পাল্টা আক্রমণ চালাতে পিছপা হয়নি। তবে কিছুটা সময় ইংল্যান্ডকে চাপের মধ্যেই রেখেছিল যুক্তরাস্ট্র। পরপর তিনটি কর্নারও পায় তারা। কিন্তু গোল আদায় করতে পারেনি একটিতেও। ১৮ মিনিটে যুক্তরাস্ট্রের ডোনোভানের চমৎকার ক্রসে আলটিডোর ঠিক মতো মাথা ছোঁয়াতে না পারায় বেঁচে যায় ইংল্যান্ড। কিন্তু ৪০ মিনিটে ঠিকই গোল শোধ করে যুক্তরাস্ট্র। ডি বক্সের বেশ বাইরে থেকে ডেম্পসির বাঁ পায়ের গড়ানো শট ইংলিশ গোলরক্ষক গ্রিনের হাত ফস্কে গোল-লাইন পেরিয়ে ভেতরে ঢুকে যায়।
দ্বিতীয়ার্ধেও সমানতালে খেলেছে দু'দল। কয়েকটি সুযোগ পেলেও তা নষ্ট করে ইংল্যান্ড। যুক্তরাস্ট্রের গোলরক্ষক হাওয়ার্ডকে একা পেয়েও হেস্কি তাকে পরাস্ত করতে পারেননি। উল্টো বল তুলে দেন তার হাতে। আর ল্যাম্পার্ডের শটটি পাঞ্চ করে বিপদ মুক্ত করেন তিনি। শন রাইট ফিলিপসের শটও ঠেকিয়ে দেন হাওয়ার্ড। আসলে হাওয়ার্ড বেশ কয়েকবারই বাঁচিয়ে দিয়েছেন যুক্তরাস্ট্রকে।
শেষ পর্যন্ত দু'দল আক্রমণ ও পাল্টা আক্রমণ করে খেললেও ম্যাচ অমীমাংসিতভাবেই শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/০২৫২ ঘ.
bdnews24