ঢাকা জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ফুটবলের খেলা চলার সময় বিদ্যুৎ না থাকায় রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার ভাংচুর ও রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে।
পরে দ্রুত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হলে পরিস্থিতি শান্ত হয়।
যাত্রাবাড়ী থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ৮টার দিকে গোলাপবাগ, গোপীবাগ, স্বামীবাগ ও জনপদের মোড়সহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ চলে যায়। এ সময় বিশ্বকাপ খেলা দেখতে না পেরে উত্তেজিত জনতা এসব এলাকার প্রধান রাস্তা অবরোধ করে। আশেপাশের ভবন ও গাড়িতে তারা ইটপাটকেলও নিক্ষেপ করে।"
তিনি জানান, আধাঘন্টারও বেশি সময় তারা রাস্তা অবরোধ করে রাখে। দ্রুত এসব এলাকায় বিদ্যুত সরবরাহের ব্যবস্থা করা হলে তারা রাস্তা ছেড়ে দেয়।
বংশাল থানার অপারেশন অফিসার মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যুৎ না থাকার কারণে খেলা না দেখতে পেয়ে বিক্ষুদ্ধ লোকজন রাস্তায় বেরিয়ে পড়ে এবং থানার পাশে বিদ্যুৎ অফিসে হামলার চেষ্টা চালায়। পুলিশের বাধার কারণে তারা চলে গেলেও প্রধান সড়কে গিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।
তিনি জানান, বিক্ষোভকারীরা তাঁতীবাজার, বংশাল ক্রসিং, রায়সাহেব বাজার মোড়, আলু বাজার ময়লারগলিসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শুক্রবার বিশ্বকাপ খেলা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বিদ্যুতের অভাবে খেলা দেখতে না পেরে রাস্তা অবরোধ করার ঘটনা ঘটছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/এসএএ/ডিডি/২২৪৬ ঘ.
bdnews24