২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

নাইজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। খেলার সাত মিনিটে গ্যাব্রিয়েল হেইঞ্জ কর্নার-কিকে মাথা ব্যবহার করে বল পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 02:16 PM

Updated : 25 Aug 2022, 12:03 PM

জোহানেসবার্গ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাইজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। খেলার সাত মিনিটে গ্যাব্রিয়েল হেইঞ্জ কর্নার-কিকে মাথা ব্যবহার করে বল পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে। খেলায় প্রথম আক্রমণ করেছিল নাইজেরিয়াই। তিন মিনিটের মাথায় ডি বক্সের ভেতর থেকে নেয়া শিনেদু ওবাসির শট পোস্টের বেশ উপর দিয়ে চলে যায়। এরপরই ম্যাচের লাগাম হাতে তুলে নেয় আর্জেন্টিনা। নেতৃত্বে ছিলেন লিওনেল মেসি। কোচ ডিয়েগো ম্যারাডোনা সামনে দুই স্ট্রাইকার হিগুয়ান এবং তেভেজকে রেখে তার পেছনে রাখেন মেসিকে, যাতে খেলা তৈরি করতে পারেন তিনি। শুরু থেকেই বার্সেলোনার সেই দুরন্ত গতির মেসিকেই দেখা গেছে স্বরূপে। তাকে রুখতে রীতিমতো হিমশিম খেয়েছে নাইজেরিয়ার রক্ষণভাগ। চার মিনিটে বাঁ দিক থেকে একাই ডি বক্সে ঢুকে পড়েছিলেন মেসি। কিন্তু তার মাইনাস থেকে সহজ গোলের সুযোগ নষ্ট করেন তেভেজ। দুই মিনিট পর বক্সের ঠিক বাইরে থেকে মেসির বাঁ পায়ের দুর্দান্ত শট নাইজেরিয়ার গোলরক্ষক এনিয়েমা 'পাঞ্চ' করে রক্ষা করেন। তবে সাত মিনিটে এগিয়ে যায় দুইবারের চ্যাম্পিয়নরা। কর্নার থেকে বল পেয়ে মাথা দিয়ে নাইজেরিয়ার জালে বল পাঠিয়ে দেন রক্ষণভাগের খেলোয়াড় হেইঞ্জ। আর্জেন্টিনার একের পর এক আক্রমণের মুখে নিজেদের ছন্দ খুঁজে পাচ্ছিল না নাইজেরিয়া। মেসি তার গতিতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। ২০ মিনিটে তার বাড়িয়ে দেয়া বলে হিগুয়েন গোলের সহজ সুযোগ নষ্ট করেন। এতে সাইডলাইনে বসে থাকা কোচ ম্যারাডোনাও ক্ষোভে লাফিয়ে উঠেছিলেন। তবে ২৭ মিনিটে নাইজেরিয়া প্রথমবারের মতো পরিষ্কার একটি গোলের সুযোগ তৈরি করেছিল। ওবাসি বাঁ প্রান্ত থেকে ঢুকে পড়েছিলেন আর্জেন্টিনার বিপদ সীমানায়। কিন্তু তার বাড়িয়ে দেয়া বলে পা ছোঁয়াতে পারেননি ইয়াকুবু। এরপর ফের মেসি। মাঝ মাঠ থেকে তাকে ক্রমাগত বল যুগিয়ে যাচ্ছিলেন অভিজ্ঞ ভেরন এবং ডি মারিয়া। আর ফিফার বর্ষসেরা ফুটবলার মেতে উঠেছিলেন তার সৃজনশীলতায়। খেলা তৈরিতে যেমন ভুমিকা রেখেছেন, তেমনি নিজেও আক্রমণ করেছেন নাইজেরিয়ার গোলমুখে। এমনই একটি আক্রমণ থেকে ৩৬ মিনিটে মেসির বাঁ পায়ের দুরন্ত শট নাইজেরিয়ার গোলরক্ষক কোনো মতে রক্ষা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১০৪ ঘ.