ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রিসকে ২-০ গোলে হারিয়ে গ্র"প 'বি'-এর প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতে নিয়েছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া।
পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে ৬ মিনিটেই দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন লি জুং সু।
ফ্রি-কিক থেকে বল পেয়ে ডান পায়ের দর্শনীয় ভলিতে বল পাঠিয়ে দেন গ্রিসের জালে।
খেলার ৫২ মিনিটে ব্যবধান বাড়ান অধিনায়ক পার্ক জি সুং। মাঝ মাঠে বল পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের এই তারকা খেলোয়াড় একাই গ্রিসের দু'জনকে কাটিয়ে বাঁ পায়ের কোণাকুণি শটে বল পাঠিয়ে দেন কাক্সিক্ষত ঠিকানায়।
এর আগে ও পরে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা। কিন্তু রেফারির 'বদান্যতা', অফসাইড ও হ্যান্ডবল ও পোস্টের বাইরে দিয়ে বল পাঠিয়ে সুযোগ নষ্ট করে তারা।
তবে গোল শোধে মরিয়া গ্রিস প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের শেষ দিকে চেপে ধরে দক্ষিণ কোরিয়াকে। ৪২ মিনিটে দক্ষিণ কোরিয়ার ডি বক্সের ভেতরেই গ্রিসের আক্রমণভাগের খেলোয়াড় গিকাস একটি সুবর্ণ সুযোগ পেলেও গোলরক্ষক জুং অসাধারণ তৎপরতায় বল ধরে ফেলেন।
প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে আরও একটি অসাধারণ শট রক্ষা করেন গোলরক্ষক জুং। ২০-২৫ গজ দূর থেকে নেয়া তীব্র শট গ্রিসের আরেক খেলোয়াড়ের পা ছুঁয়ে দিক পরিবর্তন করলেও ফাঁকি দিতে পারেনি জুংয়ের বিশ্বস্ত হাতকে।
দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে গিকাসের শক্তিশালী হেড দারুণভাবে রক্ষা করেন গোলরক্ষক।
পাল্টা এক আক্রমণ থেকে গোল প্রায় আদায় করে নিয়েছিল দক্ষিণ কোরিয়া। খেলার ৮৫ মিনিটে লি'র একটি মাটি কামড়ানো শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন গ্রিসের গোলরক্ষক জরভাস।
আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা জমে উঠলেও যোগ্যতর দল হিসাবেই পূর্ণ তিন পয়েন্ট পায় দক্ষিণ কোরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৯৫৭ ঘ.
bdnews24