জোহানেসবার্গ থেকে মতিউর রহমান চৌধুরী:
শনিবার রাত আটটায় সত্যিকারের বিশ্বকাপ মৌতাতে মাতবে বিশ্ববাসী। কারণ ম্যারাডোনা-মেসিদের মুখোমুখি হবে যে সুপার ঈগলসরা। মেসিদের প্রথম একাদশ সম্পর্কে জানার জন্য স্পেনের সাংবাদিকরা মুখিয়ে ছিলেন। ম্যারাডোনা কিন্তু রহস্য উন্মোচন করেননি।
আগেরদিন শুক্রবার প্রিটোরিয়া থেকে ফিরেছি। স্পেনের সাংবাদিকদের কাছেই জানলাম প্রিটোরিয়ার মাঠে ম্যারাডোনা কি বলেছিলেন। ম্যারাডোনাকে দেখলাম রবার্ট অয়েন লফটাস ভার্সফেল্ড স্টেডিয়ামে। প্রিটোরিয়া শহরের ফুটবলের জনক ভার্সফেল্ড। তার নামেই এই স্টেডিয়াম। এই মাঠেই বিশ্বকাপের ছয়টি খেলা হবে।
সাংবাদিকরা সেখানে জানতে চেয়েছিলেন শনিবার রাতে কি বিস্ময় অপেক্ষা করছে? ম্যারাডোনা যেন কূটনীতিক বনে গেলেন। তিনি উত্তর দেন, "বিস্ময়? বিস্ময় একটাই আছে। সেটা হলো আমি নিজেই খেলতে নামতে পারি। এছাড়া দলে আমি কোন বিস্ময় দেখি না।
তবে কি বিস্ময় অপেক্ষা করছে সে বিষয়ে শুক্রবার ম্যারাডোনার চূড়ান্তভাবে বলেন, "প্রথম পর্বের খেলায় কিছু বিস্ময় থাকতেই পারে। কিন্তু রাস্তা যখন সরু হয়ে আসবে তখনই আমরা প্রতিপক্ষকে চিনতে পারবো। তিনি তার পছন্দের দলের কথাও বলেন অকপটে, ''দুটো দল আমার পছন্দ। একটি আইভরি কোস্ট। অন্যটি পর্তুগাল।''
এমনও শুনলাম, ম্যারাডোনা দশদিন আগের একটি সংবাদ সম্মেলনে দেয়া তার বক্তব্য স্মরণ করেন। তিনি বলেছিলেন, আর্জেন্টিনা এখন শুধু যে যূথবদ্ধ তাই নয়, নান্দনিক ফুটবলের সমাহার ঘটেছে দলে।
তিনি তার দলের প্রশংসায় উচ্ছ্বসিত। ফুটবল-ঈশ্বর রসিকতাতেও কম যান না! বলেন, "যে তেইশজনকে জড়ো করেছি, তারা অনিন্দ্য সুন্দর। তবে প্রতিপক্ষের জন্য যমদূত। এই দৈত্যগুলোর জন্য আমি গর্বিত।" দলের অধিনায়ক সম্পর্কে তিনি বলেন, "তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা আমার খেলোয়াড়ি জীবনের মতোই।"
লায়োনেল মেসি সম্পর্কে ম্যারাডোনার উচ্ছ্বাসপূর্ণ বক্তব্য সারা দুনিয়া জানে। মেসি সম্পর্কে ম্যারাডোনা একটু কাব্যও করে বলেন, "আশা করি, সেই (মেসি) সর্বকালের সেরা। কিন্তু দলের অন্যান্য খেলোয়াড়দের সহায়তা তার চাই। মেসি হলো কেকের উপরিভাগের শোভা।"
উত্তরে শিষ্য মেসির কণ্ঠে বিনয়, "লাখো বছর খেললেও আমি ম্যারাডোনার মতো হতে পারবো না।"
এদিকে নাইজেরিয়ার দলনায়ক কানু ও কোচ যার পর নাই রুষ্ট। এর আগে বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে দু'বার জিতেছে আর্জেন্টিনা। সেই দলের মহানায়ক ম্যারাডোনা প্রিটোরিয়ায় সাংবাদিকদের কাছে বলেন, আফ্রিকার খেলোয়াড়দের কাছ থেকে তিনি 'ফেয়ার প্লে' আশা করেন। শুধু এটুকু বলেই থামেননি। বলেছেন, "নাইজেরিয়ার সম্ভাব্য 'সহিংস' ফুটবল থেকে ফিফা যেন আর্জেন্টিনাকে রক্ষা করেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৪ ঘ.
bdnews24