জোহানেসবার্গ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনার খেলোয়াড়দের রুখতে নাইজেরিয়া শক্তি প্রয়োগ করে খেলবে বলে মনে করছেন দলের কোচ ডিয়েগো ম্যারাডোনা। তবে এ কথা স্রেফ উড়িয়ে দিয়েছেন নাইজেরিয়ার অধিনায়ক নোয়ানকু কানু।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও নাইজেরিয়া।
ম্যাচটি সম্পর্কে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন ১৯৮৬ সালের আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক। বলেন, নাইজেরিয়া হয়তো তার খেলোয়াড়দের স্বাভাবিক খেলা খেলতে দিবে না।
এদিকে ইংলিশ ক্লাব পোর্টসমাউথের তারকা কানু বলছেন অন্য কথা। শক্তি প্রয়োগ সম্পর্কে কোনো কথাই নেই তার মন্তব্যে, "আমরা এখানে ফুটবল খেলতে এসেছি। আর সব খেলার মতো এটিও হবে একটি খেলা। আর খেলা খেলাই।"
তবে তিনি সাফ জানিয়ে দেন, "আমরা জিততে চাই।" আর আর্জেন্টিনার জন্য ম্যাচটি সহজ ম্যাচ হবে না বলেও ঘোষণা দেন তিনি।
কানু অবশ্য স্বীকার করেছেন আর্জেন্টিনাই গ্র"পের সেরা দল। তাদের শিরোপা জয়ের সম্ভাবনাও অনেক বেশি বলে মানছেন তিনি।
খেলায় জয়ের জন্য আর্জেন্টিনা চাপে থাকলেও নির্ভার হয়েই খেলবে নাইজেরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭১৯ ঘ.
bdnews24