ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ দশ মিনিটে দশ জন নিয়ে খেলেও লাতিন আমেরিকার দল উরুগুয়ে রুখে দিয়েছে গত বারের রানার্স-আপ ফ্রান্সকে।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দ্বিতীয় খেলার ৮০ মিনিটের মাথায় এবারের বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখেন উরুগুয়ের নিকোলাস লোডিরো। প্রতিপক্ষ ফ্রান্সের স্যাঙ্গাকে মারাত্মক ফাউল করায় জাপানি রেফারি তাকে লাল কার্ড দেখাতে বাধ্য হন।
এরপরই মূলত উরুগুয়েকে চেপে ধরে ফ্রান্স। কিন্তু নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত তিন মিনিটেও গোল করতে পারেনি তারা। ফলে খেলা শেষ হয় গোলশূন্যভাবেই।
যদিও খেলার একেবারে অন্তিম মুহূর্তে উরুগুয়ের বক্সের দেড় গজ দূরে ফ্রি-কিক পেয়ে যায় ফ্রান্স। কিন্তু সেখান থেকে অ্যানেলকার বদলি হিসেবে নামা থিঁয়েরি অঁরি গোল করতে না পারায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রানার্স-আপদের।
এর আগে প্রথমার্ধে কোনও দলই সুস্পষ্ট আধিপত্য বিস্তার করতে পারেনি।
কেপটাউনের গ্রিন পার্কে খেলা শুরুর ছয় মিনিটে বল পেয়েই গতবারের রানার্স-আপ ফ্রান্সের পক্ষে গোল করার ভালো একটি সুযোগ তৈরি করেছিলেন আক্রমণভাগের খেলোয়াড় ফ্রাঙ্ক রিবেরি। প্রতিপক্ষের দু' খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ভিতরে ঢুকে আড়াআড়িভাবে বল ঠেলে দেন। কিন্তু ফ্রান্সের কোনও খেলোয়াড় পা ছোঁয়াতে না পারায় বল বারপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
১৫ মিনিটের মাথায় আরও একটি সুযোগ পেয়েছিল তারা। অ্যানেলকা মাথা দিয়ে গোল করার চেষ্টা করেন। কিন্তু বল চলে যায় বারের উপর দিয়ে।
তবে খেলার ধারার বিপরীতে হঠাৎ করেই সংঘবদ্ধ আক্রমণ চালায় উরুগুয়ে। বল পায় উরুগুয়ের আক্রমণভাগের কুশলী খেলোয়াড় ফোরল্যান। ২০-২৫ গজ দূর থেকে তার তীব্র শট ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক লরিস।
পাল্টা আক্রমণ চালিয়ে খেলার ১৮ মিনিটে গোলের দেখা প্রায় পেয়েই গিয়েছিল ফ্রান্স। উরুগুয়ের রক্ষণভাগে রিবেরিকে ফাউল করা হলে ফ্রি-কিক পায় ফ্রান্স। রিবেরির দুরন্ত কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক মুসলেরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/০২৩৪ ঘ.
bdnews24