২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্ট ভাগাভাগি মেক্সিকো, দ. আফ্রিকার

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অঘটন ঘটতে গিয়েও শেষ পর্যন্ত ঘটলো না। মেক্সিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 07:50 PM

Updated : 25 Aug 2022, 12:00 PM

জোহানেসবার্গ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অঘটন ঘটতে গিয়েও শেষ পর্যন্ত ঘটলো না। মেক্সিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে 'এ' গ্রুপের দু'দল পয়েন্ট পেলো ১। খেলার প্রথমার্ধে প্রাধান্য ছিল মেক্সিকোরই। শুরু থেকেই মাঝমাঠ দখলে নেয়ায় আধিপত্য বিস্তার করতে খুব একটা সময় নেয়নি তারা। খেলার দ্বিতীয় মিনিটেই প্রথম আক্রমণ করে মেক্সিকো। জিওভানি সান্টোসের শট পোস্টের পাশ দিয়ে চলে যায়। ১৪ মিনিটে সান্টোসেরই কর্নার থেকে কার্লোস ভেলা মাথা লাগালে তা বারের ওপর দিয়ে চলে যায়। এরপরই পাল্টা-আক্রমণে যায় স্বাগতিকরা। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় স্টিভেন পিনারের ফ্রি-কিক লক্ষ্যের বাইরে দিয়ে চলে যায়। তবে ফের আক্রমণে ফিরতে দেরি করেনি মেক্সিকো। একাই বল নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপদ সীমানায় ঢুকে পড়েন মেক্সিকোর সান্টোস। ডি বক্সের ভেতর থেকে তার বাঁ পায়ের প্রচণ্ড শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ৩২ মিনিটে ভেলার ক্রস থেকে বল পেয়েছিলেন গুইলেরমো ফ্রাঙ্কো। কিন্তু তিনি শট নেয়ার আগেই প্রোটিয়াস গোলরক্ষক খুন দারুন তৎপরতায় তা রুখে দেন। ৩৭ মিনিটে ভাগ্যদেবী বাঁচিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। কর্নার-কিক থেকে বল পেয়ে যান ভেলা। কিন্তু অল্পের জন্য অফসাইডের ফাঁদে পড়েন তিনি। প্রথমার্ধের ৪৩ মিনিটে গোলের সেরা সুযোগটি পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। শাবালালার ক্রসে এমফেলা মাথায় লাগাতে পারেননি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যভাবে। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ভালো খেলতে থাকে দক্ষিণ আফ্রিকা। প্রথমার্ধের জড়তা ঝেড়ে ফেলে দিয়ে তারা নতুন উদ্যমে খেলা শুরু করে। মেক্সিকোর সঙ্গে সমানতালে খেলে যায় স্বাগতিকরা। এমনকি মাঝেমধ্যে মেক্সিকোকে চেপেও ধরছিল তারা। তার ফল পায় দক্ষিণ আফ্রিকা ৫৮ মিনিটে। ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে এবারের বিশ্বকাপের প্রথম গোলটি করেন শাবালালা। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। দু'দলই গোলের কয়েকটি সুযোগ তৈরি করলেও কাক্সিক্ষত লক্ষ্য আদায় করতে পারেনি। কিন্তু ৭৮ মিনিটে সফল হয় মেক্সিকো। খেলায় ফিরে আসে সমতা। ছোট বক্সের ভেতর থেকে গড়ানো শটে গোল করেন বার্সেলোনা তারকা রাফায়েল মার্কেজ। তবে ম্যাচ শেষে নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে স্বাগতিকরা। কারণ ৮৯ মিনিটে এমফেলার শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। নইলে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়তো পারতো দক্ষিণ আফ্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৩২ ঘ.