ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ না থাকায় দেশের বিভিন্ন স্থানে শুক্রবার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ দেখতে পারেনি অনেকেই।
এ কারণে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ, বিদ্যুৎ কার্যালয় ঘেরাও, বিক্ষোভ ও ভাংচুর করেছে।
এরমধ্যে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে মিছিল শেষে ছেংগারচর পল্লী বিদ্যুতের সামনে করে বিক্ষোভ। নোয়াখালীর হাতিয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। ফেনীর ফাজিলপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।
শুক্রবার রাত ৮টায় দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো বিশ্বকাপ ফুটবলের প্রথম খেলায় মাঠে নামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
কেরাণীগঞ্জ: রাত ৮টা থেকে ঢাকা-মাওয়া সড়ক সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
ওই এলাকার জনৈক জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার পর থেকেই এলাকায় বিদ্যুৎ নেই। দক্ষিণ আফ্রিকা-মেক্সিকো ম্যাচ শুরুর পরও বিদ্যুৎ না আসায় এলাকাবাসী রাস্তা অবরোধ করে।
কেরাণীগঞ্জ উপজেলার ট্রাফিক পরিদর্শক নুরুল ইসলাম মল্লিক জানান, ৮টা ৪৫ মিনিটে বিদ্যুৎ আসার পর গাড়ি চলাচল শুরু হয়।
চাঁদপুর: একটি বিক্ষোভ মিছিল মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার প্রদক্ষিণ শেষে ছেংগারচর পল্লী বিদ্যুত কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করে।
এলাকাবাসীর অভিযোগ, বিশ্বকাপ ফুটবল শুরুর প্রথম দিনেই পল্লী বিদ্যুতের সেই পুরনো লোডশেডিং রয়েই গেছে।
ছেংগারচর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন বলেন, চাহিদার পাঁচ মেগাওয়াটের মধ্যে পাওয়া যাচ্ছে মাত্র দেড় মেগাওয়াট বিদ্যুৎ। বাধ্য হয়ে লোডশেডিং করা হচ্ছে। তারপরও বিশ্বকাপ ফুটবল খেলার কথা মাথায় রেেেখ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
নোয়াখালী: রাত সাড়ে আটটায় হাতিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এরপর কয়েকশ' মানুষ নলচিরা-জাহাজমারা সড়ক অবরোধ করে রাখে।
এ ঘটনায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দিলে পুরো হাতিয়ায় অন্ধকার নেমে আসে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-উর-রশীদ জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। যেটুকু বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে তা দিয়ে রাত সোয়া ৯টার দিকে সরবরাহ চালু করে দেওয়া হয়েছে।
হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকৌশলী রফিক আহমেদ জানান, এখানকার ডিজেল চালিত ৮টি জেনারেটরের মধ্যে ৪টি দীর্ঘদিন ধরেই বিকল রয়েছে। বাকি দুটিও কিছুদিন আগে নষ্ট হয়ে যায়।
ঢাকা: সদর উপজেলার ফাজিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়র অবরোধ করেছে এলাকাবাসী।
২০ মিনিট অবরোধ চলাকালে মহাসড়কে কয়েকশ' গাড়ি আটকা পড়ে।
পরে পুলিশ এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করলে জনতা রাস্তা ছেড়ে দেয়।
ফেনীর পুলিশ সুপারিনটেনডেন্ট মো. ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খেলা দেখতে না পেরে রাত ৯টায় লোকজন হাইওয়েতে অবস্থান নেয়। সাড়ে ৯টার দিকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করলে তারা রাস্তা ছেড়ে দেয়।
মাদারীপুর: রাত ৮টায় ঢাকা-বরিশাল মহাসড়ক রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় একঘণ্টা অবরোধ করে এলাকাবাসী।
এ সময় সড়কে কয়েকশ' যানবাহন আটা পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান বলেন, বিদ্যুৎ সরবরাহ শুরু হলে অবরোধ তুলে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/ডিডি/২২৫৮ ঘ.
bdnews24