জোহানেসবার্গ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের বিশ্বকাপটা নিজের করে নেবেন ওয়েন রুনি- এমনটাই দাবি ইংল্যান্ড অধিনায়ক স্টিভেন জেরার্ডের। এমনকি, রুনি ১৯৭০ সালের পেলে বা ১৯৮৬ সালের ম্যারাডোনাকেও ছাড়িয়ে যেতে পারেন।
জেরার্ডের মতে, রুনি ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী।
রুনিকে দলের তুরুপের তাস হিসেবে অভিহিত করে জেরার্ড বলেন, "তাকে ঘিরেই ইংল্যান্ড দলের পরিকল্পনা সাজানো হয়েছে। আর রুনি এটা খুব ভাল করেই জানেন।"
রুনি ইংলিশ প্রিমিয়ার লিগে খুবই ভালো একটা মৌসুম কাটিয়েছেন এবার। ফুটবল বোদ্ধারা বলছেন ফুটবল জীবনের সেরা সময়ে রয়েছেন এই ইংলিশ তারকা।
কোচ ফ্যাবিও ক্যাপেলোরও মতে, "রুনিই হবেন এই বিশ্বকাপের পেলে কিংবা ম্যারাডোনা।"
"রুনি কঠোর অনুশীলন করেছে, এই বিশ্বকাপে সে চমৎকার খেলবে," ক্যাপেলোর গলায় আশা।
গত বিশ্বকাপে লাল কার্ড পাওয়া রুনি এ বিশ্বকাপে তার মেজাজ ধরে রেখে খেলবেন বলেও আশা করেছেন জেরার্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এসএনএল/এমএইচ/টিআর/১৭৫০ ঘ.
bdnews24