২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্যমুক্তিই আমাদের উচ্চাভিলাষ: হাসিনা

প্রস্তাবিত বাজেটকে 'গণমুখী' বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এটি উচ্চাভিলাষী বাজেট নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 01:01 PM

Updated : 25 Aug 2022, 12:01 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটকে 'গণমুখী' বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এটি উচ্চাভিলাষী বাজেট নয়। শুক্রবার গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৃহস্পতিবার প্রধান বিরোধী দল বিএনপি আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে 'অতি উচ্চাভিলাষী' বলে আখ্যায়িত করেছে। এদিনই জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০-১১ অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। বিএনপির ওই প্রতিক্রিয়ার জবাবে হাসিনা বলেন, "অনেকেই বলেছেন এ বাজেট নাকি উচ্চাভিলাষী। কিন্তু আমরা মনে করি, বাংলাদেশের মানুষকে দারিদ্র্যমুক্ত করতে হবে। এটাই আমাদের উচ্চাভিলাষ। ইনশাল্লাহ আমরা এই বাজেট বাস্তবায়িত করতে পারব।" প্রধানমন্ত্রী আরো বলেন, একে 'গরীব মারার বাজেট' কেউ বলতে পারবে না। দেশের জনগণের জন্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্যই এই বাজেট। উচ্চাভিলাষী বাজেট বলে মানুষকে ভীত করে দেওয়া ঠিক হবে না। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে জনগণের আকাঙ্খা পূরণ হয়েছে কিনা সেটাই বিবেচ্য বিষয়। শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার গণভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এই দিনে মুক্তি পান তিনি। আওয়ামী লীগ সভানেত্রী এ সম্পর্কে বলেন, "আমার কারামুক্তি নয়, সেদিন গণতন্ত্র মুক্তি পেয়েছে। আমাকে যেদিন গ্রেপ্তার করা হয় সেদিনই বলে গিয়েছিলাম- দেশে যেনো গণতন্ত্র মুক্তি পায়। গণতন্ত্র ছাড়া আমাদের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।" দেশবাসী, আওয়ামী লীগের অগণিত নেতা-কর্মী-সমর্থকের প্রচেষ্টায় কারামুক্তির জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এর আগে মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য, সাংসদ, সংরক্ষিত আসনের মহিলা সাংসদ, সহযোগী সংগঠনের সদস্য ও সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক এবং সর্বস্তরের জনগণ শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানান। তবে সংস্কারবাদী হিসাবে পরিচিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ ও সুরঞ্জিত সেনগুপ্তকে অনুষ্ঠানে দেখা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৮৫৪ ঘ.