জোহানেসবার্গ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার বছরের প্রতীক্ষার প্রহর ফুরালো। শুক্রবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সকার সিটিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্বকাপ ফুটবলের ১৯তম আসর।
উদ্বোধন করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। সঙ্গে ছিলেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার।
প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে আয়োজিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান টেলিভিশনে দেখছেন বিশ্বের ২১৫টি দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সংক্ষিপ্ত হলেও আফ্রিকার ঐতিহ্য আর সংস্কৃতির যাদু সকার সিটির ৯০ হাজার দর্শকদের পাশাপাশি ছুঁয়ে গেছে সকলের হৃদয়।
গ্র্যামি পদক জয়ী রবার্ট ক্যালির সঙ্গে অংশ নিয়েছেন ১,৫৮১ জন বিশ্বমানের শিল্পী। ৩০ মিনিটের মূল সুর ছিল 'স্বাগতম এই বিশ্ব ভুবনে।'
কিন্তু বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে ছিল বিষাদের সুর। কারণ ৩০ মিনিটের জমকালো অনুষ্ঠানে থাকেননি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা।
কথা ছিল শুক্রবার জোহানেসবার্গের সকার সিটিতে উপস্থিত থেকে আফ্রিকার প্রথম বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন ঘোষণা করবেন তিনি। কিন্তু বৃহস্পতিবার রাতে গাড়ি দুর্ঘটনায় মেয়ের নাতনি মারা যাওয়ায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ৯২ বছর বয়সী ম্যান্ডেলা।
তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবেল পুরস্কার জয়ী ডেসমন্ড টুটু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/টিআর/১৮১৬ ঘ.
bdnews24