কেপটাউন, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমালোচনার ঝুলি নিয়ে শুক্রবার বিশ্বকাপ ফুটবলে 'এ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্স মুখোমুখি হচ্ছে উরুগুয়ের।
বিশ্বকাপের আগে সর্বশেষ তিনটি প্রস্তুতি ম্যাচে ফ্রান্স ২-১ গোলে হারায় কোস্টারিকাকে। ১-১ গোলে ড্র করে তিউনিশিয়ার সঙ্গে। আর চীনের কাছে তো হেরেই যায় ১-০ গোলে। ফলে যথেষ্ট চাপে কোচ রেমন্ড ডমেনেখ। এছাড়া দলের অধিনায়কত্ব এবং অভিজ্ঞ থিয়েরি অঁরিকে প্রথম একাদশে জায়গা দেয়ার জন্যও চাপ কম নেই।
বিশ্বকাপের পরেই বিদায় নিচ্ছেন ডমেনেখ। তার বদলে দলের দায়িত্ব নিচ্ছেন লরা ব্লা। তবে এসব নিয়ে মোটেই ভাবছেন না ডমেনেখ। নিজের শেষ বিশ্বকাপে সাফল্যের একটা নজির রেখে যেতে চান তিনি।
১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা প্রথম পর্বে অপেক্ষাকৃত সহজ গ্র"পে পড়েছে। বাকি দু'দল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকো। তবে অধিনায়ক প্যাট্রিক এভরা কোনো ঝুঁকি নিতে চান না। তার সঙ্গে রক্ষনভাগ আগলে রাখবেন উইলিয়াম গালাস। মাঝমাঠে নিজেদের মতো করে খেলা তৈরি করার চেষ্টা করবেন জেরেমি তুলালান এবং আবু দিয়াবি।
তবে ফ্রান্সের আক্রমণভাগ কিন্তু বেশ ধারালো। নিকোলাস অ্যানেলকা, ফ্রাঙ্ক রিবেরি এবং ইয়ন জোরকাফকে নিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করার চেষ্টা করবেন ডমেনেখ। প্রয়োজনে থাকবেন অভিজ্ঞ অঁরিও।
দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সেই দাপট এখন আর নেই। নিজেদের অতীত গৌরবকে ফিরিয়ে আনার মাঠে নামার প্রস্তুতি নিয়েছে তারা। তবে কোচ অস্কার তাবারেজ অত্যন্ত বাস্তববাদী। অতি আশায় বুক বাঁধতে রাজি নন। এরই মধ্যে সমর্থকদের এ ব্যাপারে হুশিয়ারও করে দিয়েছেন।
উরুগুয়ে নামবে দিয়েগো ফোরলান এবং লুইস সুয়ারেজের ওপর ভর করে। এই দুই আক্রমণভাগের খেলোয়াড় চলতি মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলে গোল করেছেন বেশ কয়েকটি। সুয়ারেজ তো ডাচ ক্লাব আয়াক্স আর্মস্টার্ডামের হয়ে এ মৌসুমে লিগে সবচেয়ে বেশি ৩৫ গোল করেছেন।
দু'দলের জন্যই এ ম্যাচটি গুরুত্বপুর্ণ। কারণ জয়ী দল দ্বিতীয় পর্বে ওঠার ক্ষেত্রে একটি কঠিন বাধা পেরিয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯০২ ঘ.
bdnews24