জোহানেসবার্গ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ফিফা) - প্রস্তুতি শেষ। চার বছরের প্রতীক্ষার পর বিশ্বকাপের পর্দা ওঠার পালা। শুক্রবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সকার সিটিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের ১৯তম আসর।
প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে আয়োজিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান টেলিভিশনে দেখবেন ২১৫টি দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী।
বর্ণবাদ-বিরোধী কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার উপস্থিত থাকার কথা রয়েছে ৩০ মিনিটের চোখ ধাধানো ওই উদ্বোধনী অনুষ্ঠানে। এরপরই শুরু হবে বিশ্ব ফুটবলের ৩২টি দেশের শ্রেষ্ঠত্বের লড়াই। আগামী ১১ জুলাই জানা যাবে ফুটবলের নতুন রাজার নাম।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সংক্ষিপ্ত হলেও আয়োজকরা দাবি করছেন, আফ্রিকার সঙ্গীত আর সংস্কৃতির যাদু ছুঁয়ে যাবে সবাইকে। গ্র্যামি পদক জয়ী রবার্ট ক্যালির পাশপাশি ১,৫৮১ জন বিশ্বমানের শিল্পী অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে এক টুকরো আফ্রিকাকে তুলে আনার প্রতিশ্র"তি দেয়া হয়েছে। থাকবে মহাদেশটির বিভিন্ন অঙ্গনের নামিদামি তারকারা। সেই ৩০ মিনিটের মূল সুর থাকছে 'স্বাগতম বিশ্ব ভুবনে।'
তাই তো এখনই উচ্ছ্বাসে ভাসছেন দক্ষিণ আফ্রিকার সংস্কৃতি মন্ত্রী লুলা জিয়াংওয়ানাকে, "আমি আশা করছি আফ্রিকার সংস্কৃতি তুলে ধরাই হবে আসল আকর্ষণ। মন ছুঁয়ে যাবে সবার।"
শুক্রবারই শুরু হয়ে যাবে মাঠের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকো। আরেক খেলায় ফ্রান্স লড়বে উরুগুয়ের সঙ্গে। এক মাসে ৬৩ খেলা হবে দক্ষিণ আফ্রিকার দশটি মাঠে।
লড়াইয়ে প্রতিবারের মতো ধরা হচ্ছে আবারও রাজার মুকুট পড়বে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও ছাড় দিয়ে কথা কইবে না। ইউরোপীয়রা মনে করছেন চ্যাম্পিয়ন হবে স্পেন। সঙ্গে আছে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড আর বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। পাশাপাশি হিসেবের ছকও উল্টে দিতে পারে অন্য দেশগুলো।
কে হচ্ছে বিশ্বসেরা? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী ১১ জুলাই, জোহানেসবার্গের সকার সিটিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮১৩ ঘ.
bdnews24