প্রিটোরিয়া, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের বিশ্বাস এবারের বিশ্বকাপে জার্মানির তরুন দলটি অন্তত সেমিফাইনালে যাবে। মাইকেল বালাকসহ অভিজ্ঞ খেলোয়াড়দের অভাবে সমস্যায় পড়বে না তিনবারের চ্যাম্পিয়নরা।
সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন 'তথাকথিত তারকাশূন্য দলটি বিশ্বকাপে চাপমুক্ত হয়ে খেলবে। আমি দারুন আশাবাদী তরুন দলটি নিয়ে। আমার চোখে জার্মানিও অন্যতম ফেভারিট। সঙ্গে ভাগ্য যদি একটু হাত বাড়িয়ে দেয়, তাহলে শেষ চারে না যাওয়ার কোনো কারণ দেখছি না।'
২০০২ বিশ্বকাপে জার্মানি দ্বিতীয় হয়েছিল। ঘরের মাঠে পরের বিশ্বকাপেও শেষ চারে জায়গা করে নিয়েছিল তারা। এবারের বিশ্বকাপে জার্মান দলের খেলোয়াড়দের গড় বয়স ২৫ বছরেরও কম। বিশ্বকাপে এর চেয়ে কম বয়সী দল নিয়ে জার্মানি আর একবারই খেলেছিল।
বিশ্বকাপের আগে শেষ দুটি প্রস্তুতি ম্যাচে জার্মানি ৩-০ গোলে হাঙ্গেরিকে এবং ৩-১ গোলে হারায় বসনিয়া-হার্জেগোভিনোকে। ওই ম্যাচ দুটি দেখেই বেকেনবাওয়ারের মনে এই আস্থা জন্মেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০১০ ঘ.
bdnews24