জোহানেসবার্গ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে বলা হচ্ছে বয়সীদের দল। কিন্তু তা মানছেনই না অধিনায়ক জিয়ালুকা জামব্রোতা। বরং দাবী করেছেন ফের শিরোপা জেতারই লক্ষ্য নিয়ে নামবেন তারা।
জামব্রোতার সঙ্গে গলা মিলিয়েছেন সতীর্থ ২০০৬ সালে বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ফ্যাবিও কানাভারোও।
জোহানেসবার্গে পৌছে জামব্রোতা বলেছেন 'আমাদের বিশ্বকাপ অভিযান শুরু হয়ে গেছে। এবং আমরা সোনার কাপ ধরে রাখার স্বপ্ন নিয়েই নামছি। এটি শুধু মুখের কথা নয়। আমরা বিশ্বাস করি শিরোপা ধরে রাখার সামর্থ্য আমাদের রয়েছে।'
গতবছর দক্ষিন আফ্রিকায় ফিফা কনফেডারেশন কাপে বিশ্বচ্যাম্পিয়নরা মোটেই সুবিধা করতে পারেনি। কিন্তু সেটিকে পাত্তা না দিয়ে জামব্রোতা বলেন ' বিশ্বকাপ কনফেডারেশন কাপ নয়। এখানে আমরা সর্বশক্তি দিয়ে লড়ব। আমাদের সমীহ করতেই হবে বাকি দলগুলোকে।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯০০ ঘ.
bdnews24