২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবল কোচদেরও পরীক্ষা

কার্লোস ডুঙ্গা থেকে ডিয়াগো ম্যারাডোনা, বিশ্বকাপ ফুটবল কিন্তু কোচদেরও কঠিন পরীক্ষা। তথাকথিত ফেভারিট দলগুলোর কোচরা শেষ মুহুর্তের ছক এবং কৌশল নিয়ে তৈরি সোনার ট্রফি জয়ের লড়াইয়ে ঝাপিয়ে পড়তে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 10:32 AM

Updated : 25 Aug 2022, 11:55 AM

জোহানেসবার্গ, জুন ০৯ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্লোস ডুঙ্গা থেকে ডিয়াগো ম্যারাডোনা, বিশ্বকাপ ফুটবল কিন্তু কোচদেরও কঠিন পরীক্ষা। তথাকথিত ফেভারিট দলগুলোর কোচরা শেষ মুহুর্তের ছক এবং কৌশল নিয়ে তৈরি সোনার ট্রফি জয়ের লড়াইয়ে ঝাপিয়ে পড়তে। অন্যতম জনপ্রিয় দল ব্রাজিলের কোচ ডুঙ্গাকে কম সমালোচনা সইতে হচ্ছে না। কারন তার বিশ্বকাপ দলে জায়গা হয়নি রোনালদিনহো, আদ্রিয়ানো, পাতো, নেমারের মতো তারকাদের। কিন্তু ডুঙ্গার তাতে মাথা ব্যথা নেই। তার দৃঢ় বিশ্বাস যাদের নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকায় গেছেন, তাদের নিয়েই বিশ্বকাপ জেতার সামর্থ্য ধরে ব্রাজিল। একইভাবে ম্যারাডোনার দলে নেই হ্যাভিয়ের জানেত্তি এবং এস্তেবান কাম্বিয়াসোর মতো অভিজ্ঞরা। অথচ ইন্টার মিলানকে এ মৌসুমে তিনটি শিরোপা এনে দিতে ওই দুজনের ভুমিকা কম ছিল না। এছাড়া ম্যারাডোনার বিরুদ্ধে অভিযোগ, তিনি লিওনেল মেসির কাছ থেকে জাতীয় দলে সেরাটা আদায় করতে পারেন না। তবে ডুঙ্গা যদি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতার ১৬ বছর পর কোচ হিসেবে ব্রাজিলকে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ এনে দিতে পারেন তাহলে সমালোচনার বদলে তিনি যে প্রশংসার বন্যায় ভাসবেন সেটি নিশ্চিত। ম্যারাডোনার বেলাতেও তাই। আর্জেন্টিনাকে তৃতীয়বার বিশ্বকাপ জেতাতে পারলে এই গ্রেট নিজেকে নিয়ে যাবেন আরো ওপরে। এসব নিয়ে ডুঙ্গার সাফ কথা 'চুড়ান্ত লক্ষ্যে পৌছাতে আমরা আমাদের পরিকল্পনা নিয়েই এগিয়ে যাব। আমরা আত্মবিশ্বাসী। দল গড়া নিয়ে বিশ্বকাপের আগে সমালোচনা নতুন কিছু নয়। যারা বাদ পড়ে লোকে তাদের কথাই বলে।' বিশ্বকাপ ফ্যাবিও কাপেলো, মার্সেলো লিপ্পি, ভিসেন্ত দেল বস্কো , জোয়াকিম লো কিংবা রেমন্ড ডমেনেখের জন্যও কঠিন পরীক্ষা। ইংল্যান্ড কোচ কাপেলো এখনো পর্যন্ত আক্রমনভাগে ওয়েন রুনির সঙ্গী খুজে পাননি। লিপ্পির ইতালিকে বলা হচ্ছে 'বুড়োদের দল'। সেরা তারকাদের ইনজুরির নিয়ে চিন্তিত স্পেন কোচ দেল বস্কো। অধিনায়ক মাইকেল বালাককে ছাড়াই বিশ্বকাপে দল গড়তে হয়েছে জার্মান কোচ লোকে। আর ফ্রান্সের ফর্ম নিয়ে ভাবনায় ডমেনেখ। সবমিলিয়ে বিশ্বকাপের আগে কোচদেরও রাতের ঘুম হারাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৬২০ ঘ.