জোহানেসবার্গ, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নাও দেখা যেতে পারে নেদারল্যান্ডসের মাঝ মাঠের ফুটবলার আরিয়ান রোবেনকে।
যদিও বাঁ পায়ের চোট দ্রুত সামলে উঠছেন তিনি। তারপরও ১৪ জুন ডেনমার্কের বিপক্ষে তার খেলার আশা ছেড়ে দিয়েছেন কোচ ব্রেট ফন মারউইক।
এই সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ডাচ ফুটবল দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে আরিয়ান রোবেনের। গত সপ্তাহে হাঙ্গেরির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া এই ফুটবলার ১৯ জুন জাপানের বিপক্ষে ম্যাচে খেলতে পারেন।
কোচ ফন মারউইক বলছিলেন 'ডেনমার্কের বিপক্ষে ম্যাচে তাকে (রোবেন) প্রত্যাশা করছি না আমি। তবে অন্য কোচিং স্টাফদের সঙ্গে আমার কথা হয়েছে। আশা করছি পরের ম্যাচ থেকেই তাকে পাবো।'
শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলে নেদারল্যান্ডস রয়েছে 'ই গ্র"পে। সেখানে তারা লড়বে ক্যামেরুন, ডেনমার্ক এবং জাপানের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৬১০ ঘ.
bdnews24