২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বল নিয়ে গোল বেঁধেছে

বিশ্বকাপ ফুটবলে এবারো বল নিয়ে গোল বেঁধেছে। রীতিমতো সমালোচনায় মুখর হয়ে উঠেছেন ব্রাজিল, ইংল্যান্ড ও ইতালির তারকা ফুটবলাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 10:26 AM

Updated : 25 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) - বিশ্বকাপ ফুটবলে এবারো বল নিয়ে গোল বেঁধেছে। রীতিমতো সমালোচনায় মুখর হয়ে উঠেছেন ব্রাজিল, ইংল্যান্ড ও ইতালির তারকা ফুটবলাররা। কিন্তু বল প্রস্তুতকারী প্রতিষ্ঠান জোর দিয়ে বলেছে, বল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। অ্যাডিডাসের 'জেবুলানি' বল নিয়ে অনুশীলনের সময় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশ্বের সেরা খেলোয়াড়রা। ইংল্যান্ডের গোলরক্ষক ডেভিড জেমস বলটিকে ভয়ংকর হিসেবে অভিহিত করেছেন। ব্রাজিলের লুইস ফ্যাবিয়ানো বলছেন, এটি ভুতুড়ে বল। ইতালির গোলরক্ষক গিয়ানলুইগি বুফন তো রীতিমতো শঙ্কিত, "বলের এই রহস্যময় আচরণ বিশ্বকাপের খেলায় নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে।" বলটি নিয়ে কাজ করেছেন ইংল্যান্ডের লুগবুর্গ বিশ্ববিদ্যালয়ের ড. অ্যান্ডি হ্যারল্যান্ড। তিনি বলছেন, "প্রস্তুতির জন্য দলগুলো অপরিচিত পরিবেশে অনুশীলন করছে। আর সমস্যার সৃষ্টি হচ্ছে এ কারণেই।" এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই বলে জানিয়ে তিনি বলেন, "ডিসেম্বর থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বলটি ব্যবহার করা হচ্ছে। অথচ কোনো সমালোচনা ওঠেনি। মূলত দলগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু স্থানে অনুশীলন করছে বলে কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে"। বলটি মানসম্মত। এতে এমন কিছুই নেই। দক্ষ খেলোয়াড়রা যাতে নিজেদের মেলে ধরতে পারে সেভাবেই বলটি তৈরি করা হয়েছে বলে তিনি জানান। হ্যারল্যান্ড বলেন, "আমি জানতাম বল নিয়ে কিছু সমালোচনা হবেই। প্রতিটি প্রতিযোগিতার আগে খেলোয়াড়রা তাদের মতামত জানাবেন, এটিই স্বাভাবিক।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৫৪৮ ঘ.