নেইমারকে পেতে বার্সা-চেলসির ভিন্ন ‘চ্যালেঞ্জ’
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পিএসজিতে ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বার্সেলোনা ও চেলসির নাম। গণমাধ্যমের খবর, প্যারিসের ক্লাবটিও এই তারকা ফরোয়ার্ডকে ছাড়তে প্রস্তুত। তবে তাকে পেতে আগ্রহী দুটি দলের সামনেই রয়েছে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ।
সম্প্রতি ফরাসি সংবাদপত্র লেকিপ-এর এক প্রতিবেদনে বলা হয়, চলতি গ্রীষ্মের দলবদলে নেইমার ঠিকানা পরিবর্তনের ইচ্ছার কথা ক্লাবকে জানিয়েছেন। পিএসজিও নাকি এতে রাজি।
২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ইউরো ট্রান্সফার ফি-এর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। তবে বারবার চোটের আঘাতে ফরাসি ক্লাবটির প্রত্যাশা পূরণ করতে পারেননি এই ব্রাজিলিয়ান। সবশেষ মৌসুমে তো দলটির সমর্থকদের দুয়োও শুনতে হয় তাকে।
গণমাধ্যমের খবর, পুরনো ঠিকানায় আবার ফিরতে চান নেইমার। তবে অনেক দিন ধরেই অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনার পক্ষে এবার সরাসরি তাকে দলে ভেড়ানো প্রায় অসম্ভব। গুঞ্জন রয়েছে, নেইমারের জন্য ১৫ কোটি ইউরো চাইছে পিএসজি। কাম্প নউয়ের ক্লাবটি তাই চাইছে, এক মৌসুমের জন্য ৩১ বছর বয়সী ফুটবলারকে ধারে দলে টানতে, এরপর ২০২৪ সালে স্থায়ীভাবে কিনতে।
চেলসির ক্ষেত্রে বিষয়টি আবার একেবারেই আলাদা। সবশেষ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১২তম হওয়া ক্লাবটি এবার কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলতে পারবে না। নেইমারের মাপের একজন খেলোয়াড় অন্তত এক মৌসুম চ্যাম্পিয়ন্স লিগে খেলা মিস করতে রাজি হবেন, সেই সম্ভাবনা কমই। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিকে তাই বিশেষ কিছু করতে হতে পারে নেইমারকে দলে যোগ করার জন্য।
পিএসজিতে চুক্তির মেয়াদ শেষে এই গ্রীষ্মের দলবদলে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। নেইমার ছাড়াও ক্লাব ছাড়ার জোর গুঞ্জন রয়েছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপেরও।
