ফাইনালের আগে সেরা ছন্দে দল, আত্মবিশ্বাসী স্পেন কোচ
কাঙ্ক্ষিত ফলাফলের লক্ষ্যে ফাইনালে চেষ্টার কোনো কমতি রাখতে চান না লুইস দে লা ফুয়েন্তে।
আক্রমণাত্মক ফুটবল খেলে স্পেন পার হয়েছে সেমি-ফাইনালের বৈতরণী। ইতালির বিপক্ষে দারুণ জয়ে জায়গা করে নিয়েছে উয়েফা নেশন্স লিগের ফাইনালে। দল যেভাবে খেলেছে, তাতে ভীষণ খুশি লুইস দে লা ফুয়েন্তে। স্বপ্ন পূরণ থেকে এক সিঁড়ি দূরে দাঁড়িয়ে থাকা স্পেন কোচ মনে করেন, শিরোপা লড়াইয়ে সেরা ছন্দে থেকেই খেলবে তার দল।
দ্বিতীয় সেমি-ফাইনালে গত বৃহস্পতিবার ইতালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকেট পায় স্পেন। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
স্কোরলাইনে নিরঙ্কুশ আধিপত্য ফুটে না উঠলেও ইতালির বিপক্ষে অধিকাংশ সময়ই প্রাধান্য দেখায় স্পেন। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় তারা কোণঠাসা করে রাখে রবের্তো মানচিনির দলকে। শেষ দিকে হোসেলুর গোলে তুলে নেয় জয়। ফাইনালে দলকে একই ছন্দে দেখার ব্যাপারে আশাবাদী ফুয়েন্তে।
“তারা (খেলোয়াড়রা) সবাই ঠিক আছে। তারা কেউ আমাদের হতাশ করবে না। আমরা আগামীকাল নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব। আমি মনে করি, আমার দল মৌসুমের সেরা সময়ের মধ্যে আছে। (শিরোপা জেতার) অনুপ্রেরণা সবকিছু অতিক্রম করার শক্তি জোগায়।”
গত নভেম্বরে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় মরক্কোর বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে পড়ে স্পেন। এরপর কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় লুইস এনরিকে। তার স্থলাভিষিক্ত হন ফুয়েন্তে। দায়িত্বের চতুর্থ ম্যাচেই শিরোপার হাতছানি ৬১ বছর বয়সী এই কোচের সামনে।
ইতিবাচক ফলাফলের লক্ষ্যে ফাইনালে চেষ্টার কোনো কমতি রাখতে চান না ফুয়েন্তে। তিনি ভালো করেই জানেন, শিরোপা ছাড়া স্বীকৃতি মেলে না।
“শিরোপা হল স্বীকৃতি পাওয়া, কিন্তু গুরুত্বপূর্ণ হল এর আগের কাজ (ম্যাচে পারফরম করা)। শিরোপা সেই কাজের পূর্ণতা দেয়।”
“ফাইনালে যাওয়াটা একটা বিশেষ ব্যাপার। আপনি যদি মাঠে সব কিছু ঢেলে দেন, তাহলে কোনো হতাশা থাকবে না। অবশ্যই আমরা জিততে চাই, তবে আমার জন্য নয়, আমরা আমাদের সমর্থকদের খুশি করতে চাই।”
