২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

দোরিয়েলতন-রাকিবের নৈপুণ্যে কিংসের জয়

প্রিমিয়ার লিগে নবম জয় তুলে নিয়ে মুকুট ধরে রাখার পথেই আছে অস্কার ব্রুসনের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2024, 05:41 PM

Updated : 05 Apr 2024, 06:56 PM

বসন্ধুরা কিংসের সামনে কোন প্রতিরোধই গড়তে পারল না চট্টগ্রাম আবাহনী। একপেশে ম্যাচে দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো, রাকিব হোসেনদের নৈপুণ্যে বন্দর নগরীর দলটিকে উড়িয়ে দিয়েছে কিংস। 

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে হারায় কিংস। প্রথম লেগের দেখায় ৩-০ ব্যবধানে জিতেছিল অস্কার ব্রুসনের দল। 

অনায়াস জয়ে প্রিমিয়ার লিগের মুকুট ধরে রাখার পথেই থাকল কিংস। ১১ ম্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করেছে তারা। 

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে কিংসের শুরুটা ছিল দাপুটে। দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় তারা। 

এই গোলে দায় আছে প্রতিপক্ষের ঢিলেঢালা রক্ষণের। রিমন হোসেনের পাস আটকাতে পারেননি রায়হান হোসেন, বল চলে যায় দোরিয়েলতনের পায়ে। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট রুখে দিতে পারেননি আশরাফুল ইসলাম রানা। ম্যাচ জুড়েই অভিজ্ঞ এই গোলরক্ষকের মুখে দেখা গেছে বারবার পরাস্ত হওয়ার অসহায়ত্বের ছাপ। 

দ্বাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় রবসন দি সিলভা রবিনিয়োর সফল স্পট কিকে। বক্সে  রায়হানের হাতে বল লাগলে পেনাল্টি পেয়েছিল কিংস। ১৯তম মিনিটে রাকিবের গোলের সুরও বেঁধে দেন এই ব্রাজিলিয়ান। মাঝমাঠ থেকে রবিনিয়োর লং থ্রু পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণ নিয়ে আগুয়ান গোলরক্ষক রানার মাথার উপর দিয়ে চিপ শটে জাল খুঁজে নেন রাকিব। 

৩৮তম মিনিটে দোরিয়েলতনের কাট ব্যাকে রিমনের শট যায় বাইরে। পোস্টে রাখতে পারলে হতে পারত গোলও। প্রথমার্ধের যোগ করা সময়ে বোবুরবেকের থ্রু পাস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণ নিয়ে কোনাকুণি শটে রানাকে পরাস্ত করেন আসরোর গফুরভ। তাতে প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য হেলে পড়ে কিংসের দিকে। 

৫৩তম মিনিটের গোলে রাকিবের অবদান স্রেফ গোলমুখ থেকে টোকা দেওয়া। এই আক্রমণ মূলত শাণিয়েছিলেন দুই ব্রাজিলিয়ান। নিজেদের বক্সের একটু উপর থেকে ব্যাক হিলে দোরিয়েলতনকে বল বাড়িয়ে লাইন ধরে ছুটছিলেন রবিনিয়ো। মাঝমাঠে এসে রবিনিয়োকে পাস দিয়ে ছুটতে থাকেন দোরিয়েলতন এবং এরপর স্বদেশির কাছ থেকে ফিরতি পাস পেয়ে আড়াআড়ি ক্রস বাড়ান তিনি; রাকিব টোকায় সারেক বাকি কাজটুকু। 

জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় কিংসের আক্রমণের গতি কমে। তবে সেই সুযোগে চট্টগ্রাম আবাহনী পারেনি কক্ষপথে ফিরতে। টানা তৃতীয় হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।