সিটির মাঠে জয় কিংবা হার ‘শেষ নয়’, আর্তেতার মত
তবে আসছে ম্যাচের আগে মানসিকভাবে হয়তো খানিকটা পিছিয়ে থেকেই মাঠে নামবে আর্সেনাল।
অন্য তিন প্রতিযোগিতা থেকে আগেভাগে বিদায় নিলেও প্রিমিয়ার লিগে মৌসুমের শুরু থেকে ভিন্ন রূপে আর্সেনাল। অবিশ্বাস্য ধারাবাহিতায় প্রায় পুরোটা সময়ই লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা। তবে হঠাৎ ছন্দপতনে শিরোপাভাগ্য এখন আর তাদের হাতে নেই। ম্যানচেস্টার সিটির বিপক্ষে আসছে লড়াইয়েও জয়ের পথে ফিরতে না পারলে হয়তো তাদের চ্যাম্পিয়ন হওয়ার আশাও শেষ হয়ে যাবে। যদিও এখানটায় ঘোর আপত্তি আর্সেনাল কোচ মিকেল আর্তেতার।
আসরে প্রথম প্রায় সাত মাসে এবং ১৯ ম্যাচে মাত্র একটিতে হারা আর্সেনাল পরের তিন রাউন্ডে জিততে ভুলে যায় (দুটিতে হেরে বসে এবং একটি ড্র করে)। অবশ্য সেই ধাক্কা দারুণভাবে সামলে পরের সাত ম্যাচেই জয়ের স্বাদ পায় তারা।
এরপর আরেক দফায় ছন্দপতন। এই ধাপে সবশেষ তিন রাউন্ডেই ড্র করেছে দলটি। তাতে ১৯ বছর পর আবার তাদের লিগ শিরোপা জয়ের স্বপ্ন কিছুটা ফিকে হয়ে গেছে। হাত থেকে ছুটে গেছে লাগাম।
৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট এখনও অবশ্য শীর্ষেই আছে লন্ডনের দলটি। তবে ৫ পয়েন্ট পিছিয়ে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি ম্যাচ খেলছে দুটি কম। তাই পেপ গুয়ার্দিওলার দল নিজেদের বাকি ম্যাচগুলো জিতলে কিছুই করার থাকবে না আর্সেনালের।
এমন টানটান উত্তেজনার অনেকটাই শেষ হয়ে যেতে পারে বুধবার। ফিরতি দেখায় ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে সিটি ও আর্সেনাল। অনেকের মতে, এই ম্যাচে হারলেই আর্সেনালের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে।
আর্তেতা অবশ্য তা মানতে একেবারেই নারাজ। আর পুরো মৌসুমে তার দল যে নিবেদন আর দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে, তার মাপকাঠিও এই এক ম্যাচ দিয়ে হবে না বলেই বিশ্বাস এই স্প্যানিশ কোচের।
“শুরু থেকেই আমরা জানি, (শিরোপা জিততে হলে) সিটি ও লিভারপুলকে হারাতে হবে। গত ছয়-সাত মৌসুমে তারা যা করেছে, সেজন্যই তাদের এই সম্মান প্রাপ্য। তাদের সঙ্গে আমরা শক্তির পার্থক্য যতটা সম্ভব দূর করতে চেয়েছিলাম আর এখন আমরা মুখোমুখি।”
“জানতাম যে, এই সময়ে আমাদের ইতিহাদে খেলতে যেতে হবে এবং এরপর আমাদের খুব কঠিন পাঁচটি ম্যাচ খেলতে হবে। তাই বুধবারের ম্যাচটি সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। এটাই মৌসুমের ফল নির্ধারক হবে কি-না? উত্তর হলো না।”
দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সের মতো সিটির বিপক্ষে গত কয়েক বছরের মুখোমুখি লড়াইয়ের ফলও আর্সেনালের জন্য সুখকর নয়।
সেই ২০১৫ সাল থেকে সিটির বিপক্ষে জয়ের স্বাদ পায়নি আর্সেনাল। হেরেছে সবশেষ সাত ম্যাচে। এর মধ্যে চলতি মৌসুমে দুইবার দেখা তাদের; গত জানুয়ারিতে এফএ কাপে ১-০ এবং ফেব্রুয়ারিতে লিগে ৩-১ গোলে জয় সিটির।
তাই লড়াইয়ে নামার আগে মানসিকভাবেও হয়তো খানিকটা পিছিয়ে থেকেই মাঠে নামবে সবশেষ ২০০৩-০৪ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ী আর্সেনাল। তবে আর্তেতা দৃঢ় বিশ্বাসের সঙ্গে বললেন, সিটির মাঠে বিজয়ীর বেশে ঘুরে দাঁড়াবে তার দল।
এই ম্যাচের বিজয়ী দলই কি শিরোপা জিতবে- আবারও সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে আর্তেতা জোর দিয়ে বলেন, ‘না’।
“আমরা যদি আগামীকাল জিতি তাহলেও আমরা লিগ জিতে যাব না। হয়তো তাতে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তবে পাঁচটি ম্যাচ বাকি থাকবে, এই লিগে যা খুব ট্রিকি।”
