২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-রোনালদো ম্যাচের খবর উড়িয়ে দিল মায়ামি

সৌদি আরবে প্রীতি টুর্নামেন্টে খেলার খবর নাকচ করে দিয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2023, 05:12 PM

Updated : 22 Nov 2023, 05:12 PM

আগামী বছরের শুরুতে সৌদি আরবে রিয়াদ সিজন কাপে ক্রিস্তিয়ানো রোনালদোর দলের মুখোমুখি হবে লিওনেল মেসির ক্লাব- হঠাৎ করেই অনেক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল খবরটি। তবে মেসির ক্লাব ইন্টার মায়ামি উড়িয়ে দিয়েছে এই খবর। যুক্তরাষ্ট্রের ক্লাবটি জানিয়েছে, প্রাক-মৌসুম সফরে এমন কোনো পরিকল্পনা তাদের নেই।

সৌদি আরবের ইভেন্ট আয়োজকরা মঙ্গলবার বলেছিল, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রীতি টুর্নামেন্টটিতে খেলবে মেসির মায়ামি ও রোনালদোর সৌদি ক্লাব আল নাস্‌র। তৃতীয় দল হিসেবে থাকবে আরেক সৌদি ক্লাব নেইমারের আল হিলাল।

পরে মেজর সকার লিগের ক্লাব মায়ামি বিবৃতি দিয়ে জানায়, এমন কোনো চুক্তি তারা করেনি।

“একটু আগে একটি ঘোষণায় বলা হয়েছে ইন্টার মায়ামি রিয়াদ সিজন কাপে খেলবে। এটি সঠিক নয়।”

এই বছরের জানুয়ারিতে রোনালদো আল নাস্‌রে যাওয়ার পর গত গ্রীষ্মের দলবদলে ইউরোপের ক্লাবগুলো থেকে বড় মাপের আরও কিছু খেলোয়াড় দলে টেনে আলোড়ন ফেলে দেয় সৌদি আরবের দলগুলো। মেসিকেও পেতে চেষ্টা করেছিল আল হিলাল। তবে পিএসজি ছেড়ে মায়ামিতে পাড়ি জমান বিশকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক।

দীর্ঘ সময়ের প্রবল প্রতিদ্বন্দ্বী মেসি ও রোনালদোর সবশেষ মুখোমুখি দেখা হয়েছিল এই বছরের জানুয়ারিতে, সৌদি আরবে। রিয়াদ সিজন কাপেই রোনালদোর আল নাস্‌রকে ৫-৪ গোলে হারিয়েছিল মেসির তখনকার ক্লাব পিএসজি।