চেলসির সঙ্গে ড্রয়ের পর লিভারপুলকে 'সঠিক পথে' দেখছেন ক্লপ
ছন্দে থাকা আর্সেনালের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দল নিয়ে আত্নবিশ্বাসী লিভারপুল কোচ।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে বিধ্বস্ত হওয়ার হতাশা ভুলতে প্রয়োজন ছিল একটা ইতিবাচক ফল। তবে চেলসির বিপক্ষেও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি লিভারপুল, মাঠ ছাড়তে হয়েছে এক পয়েন্ট নিয়ে। এরপরও আগামীর জন্য ইতিবাচক দিক দেখছেন দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ।
প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচে গোলশূন্য ড্র করেছে লিভারপুল।
এই ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হেরেছিল লিভারপুল। এর মধ্যে রয়েছে লিগে সিটির কাছে ৪-১ গোলে হারের ম্যাচটিও।
চেলসির সঙ্গে ড্রয়ের পর লিগে শীর্ষ চারে থাকা লিভারপুলের জন্য আরও কঠিন হয়ে গেছে। ২৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ক্লপের দল।
লিভারপুলের পরবর্তী ম্যাচ শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে, আগামী রোববার। ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট মিকেল আর্তেতার দলের।
কঠিন এই চ্যালেঞ্জের আগে দল নিয়ে আত্নবিশ্বাসী ক্লপ। তবে একটা সতর্ক বার্তাও দিয়ে রাখলেন এই জার্মান।
“আমাদের দিক থেকে সবচেয়ে দর্শনীয় ম্যাচের একটি নয়। তবে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য একটি ছোট পদক্ষেপ। আমাদের হারানো কঠিন- এমন একটা দল হয়ে ওঠার মধ্য দিয়ে প্রতিটি সাফল্যের শুরুটা হয় এবং আমাদের আবারও তেমন একটি দল হয়ে উঠতে হবে, যাদের হারানো কঠিন।
“আর্সেনালের পক্ষেও আমাদের হারানো যদি কঠিন হয়, তাহলে আমরা ম্যাচটা জিততে পারি। সেটা যদি না করতে পারি, তাহলে আর্সেনাল আমাদের স্রেফ গুঁড়িয়ে দেবে।”
