চেলসির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি পামারের
২০৩৪ সাল পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে থাকবেন ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির সঙ্গে পথচলা আরও দীর্ঘ হচ্ছে কোল পামারের। ২০৩৪ সাল পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজের দলটির সঙ্গে চুক্তি করেছেন অ্যাটাকিং মিডফিল্ডার।
২৪ বছর বয়সী পামারের সঙ্গে চুক্তির মেয়াদ লম্বা সময়ের জন্য বাড়ানোর কথা শনিবার নিশ্চিত করেছে চেলসি।
২০২৩ সালে ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দেন পামার। নতুন ক্লাবে এসে দ্রুতই মানিয়ে নেন তিনি। দলটির হয়ে পান ক্লাব বিশ্বকাপ ও উয়েফা কনফারেন্স লিগ জয়ের স্বাদ।
চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৩৮ ম্যাচে ৫৮ গোল করেছেন ইংলিশ ফুটবলার। সঙ্গে অ্যাসিস্ট করেছেন ৩৪টি গোলে।
পামার ছাড়াও আরও কয়েক জনের সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করেছে চেলসি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর সঙ্গে সম্প্রতি ২০৩৪ সাল পর্যন্ত চুক্তি করেছে তারা।
আর গত মাসে চেলসির সঙ্গে ছয় বছরের চুক্তি করেছেন পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো।
প্রিমিয়ার লিগে দশম স্থানে আছে চেলসি। শনিবার বোর্নমাউথের মুখোমুখি হবে তারা।
