২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বের সেরা লিগে’ খেলার সুযোগে রোমাঞ্চিত ফের্নান্দেস

নতুন ক্লাব চেলসির হয়ে মাঠে নামতে তর সইছে না বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2023, 08:00 PM

Updated : 02 Feb 2023, 08:00 PM

চেলসিতে যোগ দিতে পেরে এনসো ফের্নান্দেসের খুশির অন্ত নেই। ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে নাম লেখানো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা অধীর হয়ে আছেন মাঠে নামার জন্য। একই সঙ্গে কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লাব ও এর মালিকপক্ষের প্রতি।

জানুয়ারির দলবদলের শেষ দিন মঙ্গলবার বেনফিকা থেকে ১২ কোটি ১১ লাখ ইউরোয় ফের্নান্দেসকে দলে টানে চেলসি। ব্রিটিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এখন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

গত বছর আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে ১ কোটি ইউরোতে ফের্নান্দেসকে দলে নিয়েছিল বেনফিকা। পর্তুগিজ ক্লাবটির হয়ে প্রতিভা ও সামর্থ্যের ঝলক দেখানোর পর কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনার শিরোপা জয়ে উল্লেখযোগ্য অবদান রেখে নজর কাড়েন সবার। টুর্নামেন্টের সেরা উদীয়মান ফুটবলারের স্বীকৃতিও পান তিনি।

তারপর থেকে তাকে দলে পাওয়ার লড়াইয়ে নেমে পড়ে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মতো বড় ক্লাবগুলি। শেষ পর্যন্ত তার ঠিকানা হলো লন্ডনের ক্লাবটিতে। এখন মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি।

“আমাকে এই দলের অংশ করতে চেলসি ও এর মালিকপক্ষ যা কিছু করেছে, সেজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। লন্ডনের এই ক্লাবে যোগ দিতে, বিশ্বের সেরা লিগে খেলতে এবং সবচেয়ে বড় ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়ে আমি খুশি এবং রোমাঞ্চিত। সমর্থকদের সামনে খেলার এবং মাঠের ভেতরে ও বাইরে সতীর্থদের সাহায্য করার জন্য আমার তর সইছে না।”