উজ্জীবিত টেন হাগের উচ্চারণ, ‘আরও বিপজ্জনক হতে পারি আমরা’
লিভারপুলকে হারানোর পর ম্যানচেস্টার ইউনাইটেড কোচ আত্মবিশ্বাসী কণ্ঠে বলছেন, আরও শানিত হয়ে উঠতে পারে তার দল।
সেই পুরনো সুখের দোলায় যেন জেগে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড! একসময়ের দারুণ দাপুটে দলটি চরম দুর্দশায় হাবুডুবু খাচ্ছিল অনেক দিন ধরেই। সেই দুঃসময় কাটেনি এখনও। তবে বাজে সময়ের চক্রেই অভাবনীয় এক জয় তারা পেয়েছে। যেটিই দলকে স্বপ্ন দেখাচ্ছে সুসময় ফিরিয়ে আনার। কোচ এরিক টেন হাগ স্বপ্নাতুর চোখে বলছেন, এবার তাদের এগিয়ে যাওয়ার পালা।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এমনিতেই এই দুই দলের লড়াইয়ে যে কারও জয় বা হার অপ্রত্যাশিত হওয়ার কথা নয়। তবে সাম্প্রতিক সময়ে যে অবস্থায় ছিল ইউনাইটেড, তাতে এই জয় অনেকটা চমকপ্রদই।
চলতি মৌসুমে আগের দুই ম্যাচেই হেরেছিল ইউনাইটেড। মৌসুমের শুরুটা প্রত্যাশিত হয়নি লিভারপুলেরও। আগের দুই ম্যাচে তারা করেছিল ড্র। তবে শক্তি-সামর্থ্য-ছন্দ, সবকিছুতেই তারা ছিল এগিয়ে। ম্যাচের আগে বরং বেশি আলোচনা ছিল, কত গোলে হারতে পারে ইউনাইটেড। গত মৌসুমে দুই দলের দুই লড়াইয়ে লিভারপুল জিতেছিল ৪-০ ও ৫-০ ব্যবধানে।
কিন্তু মাঠের ফুটবলে বদলে যায় বাইরের সব সমীকরণ। ১৬তম মিনিটে জেডন স্যানচো এগিয়ে নেন ইউনাইটেডকে, দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন করেন মার্কাস র্যাশফোর্ড। শেষ দিকে ব্যবধান কমান মোহামেদ সালাহ, তবে শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি লিভারপুল।
গত মৌসুমে দলের সফলতম গোল স্কোরার ও মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর পাশাপাশি নিয়মিত অধিনায়ক হ্যারি ম্যাগুইয়ারকে বাইরে রেখে একাদশ নামান টেন হাগ। নতুন রূপে সাজানো রক্ষণ থেকে শুরু করে আক্রমণভাগ, অনেকদিন পর বেশ গোছানো ফুটবল খেলে ইউনাইটেড।
কৌশলের লড়াইয়ে জয় তো ছিলই, তবে ইউনাইটেড কোচ বেশি খুশি দলের উজ্জীবিত পারফরম্যান্স দেখে।
“ট্যাকটিক্যাল দিক নিয়ে কথা বলতেই পারি, তবে আজকের ব্যাপারটি ছিল পুরো মানসিকতার। সবার মধ্যে বোঝাপড়া ছিল দারুণ এবং মাঠে ছিল লড়িয়ে মনোভাব। আমার চাওয়া ছিল, ভিন্ন ধরন ও ভিন্ন মানসিকতা নিয়ে খেলা, ছেলেরা মাঠে সেটিই ফুটিয়ে তুলেছে।”
দলকে জেতানো গোলটি করে প্রিমিয়ার লিগে দীর্ঘ গোল খরা কাটান র্যাশফোর্ড। সেই জানুয়ারির পর লিগে তার প্রথম গোল এটি। গোল না পেলেও এই ম্যাচে অসাধারণ খেলেন আর্মব্যান্ড পরে মাঠে নামা ব্রুনো ফের্নান্দেস। কোচের উচ্ছ্বসিত প্রশংসাও পেলেন তারা।
“র্যাশফোর্ড ও স্যানচো গোল পাওয়ায় ভালো লেগেছে। ব্রুনো দারুণ দায়িত্ব নিয়ে খেলেছে, নেতৃত্ব পাওয়ার ব্যাপারটি নিশ্চিতভাবেই তাকে অনুপ্রাণিত করেছে।”
তবে এক জয়েই সব পাওয়ার আনন্দে ভেসে যাচ্ছেন না টেন হাগ। সামনের পথচলায় সব ম্যাচে দলকে একই রূপে দেখতে চান এই ডাচ কোচ।
“এটা কেবলই শুরু। আমরা আরও আঁটসাঁট ফুটবল খেলতে পারি, আরও বিপজ্জনক হতে পারি। একটা দল হয়ে উঠতে হবে এবং স্পিরিট থাকতে হবে দুর্দান্ত- আজকে আমরা তেমন কিছুই দেখেছি।”
“দলের পারফরম্যান্সে আমি অবশ্যই খুশি। তবে স্রেফ লিভারপুলের সঙ্গেই নয়, প্রতিটি ম্যাচে এই পারফরম্যান্স বয়ে আনতে হবে। প্রিমিয়ার লিগে প্রতিটি দলই কঠিন। প্রতি ম্যাচেই এভাবে খেলতে হবে আমাদের। আবারও বলছি, এটার শুরু উজ্জীবিত মানসিকতা থেকেই।”
