লিভারপুলের নতুন অধিনায়ক ফন ডাইক
ইংলিশ ক্লাবটির সহ-অধিনায়ক করা হয়েছে আরেক ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে।
লম্বা সময় ধরেই লিভারপুলের রক্ষণের গুরুত্বপূর্ণ সদস্য ভার্জিল ফন ডাইক। এবার পেলেন বড় দায়িত্ব। ২০২৩-২৪ মৌসুমে ক্লাবটির অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ এই ডাচ ডিফেন্ডারকে।
ক্লাবের ওয়েবসাইটে সোমবার বিবৃতি দিয়ে এই ঘোষণা দেয় লিভারপুল। ফন ডাইকের ডেপুটি হিসেবে নিয়োগ পেয়েছেন আরেক ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।
চলতি গ্রীষ্মের দলবদলে লিভারপুল ছেড়ে সৌদি প্রো লিগ ক্লাব আল-ইত্তিফাকে যোগ দেন জর্ডান হেন্ডারসন। সবশেষ মৌসুমে ইয়ুর্গেন ক্লপের দলের অধিনায়কত্ব করেছিলেন তিনি। তার স্থলাভিষিক্ত হলেন ডাচ অধিনায়ক ফন ডাইক।
২০১৮ সালে সাউথ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন ফন ডাইক। ক্লাবটির হয়ে ৩২ বছর বয়সী এই ফুটবলার জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ কিছু শিরোপা। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচ খেলেছেন ২২২টি।
লিভারপুলের নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত ফন ডাইক। লিভারপুলের দেওয়া বিবৃতিতে অভিজ্ঞ এই ফুটবলার প্রকাশ করেছেন নিজের অনূভুতি।
“এটা আমার জন্য, আমার স্ত্রীর জন্য, আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য সত্যিই একটি গর্বের দিন। এটি বিশেষ একটি অনুভূতি এবং এই মুহূর্তে আমি তা বর্ণনা করতে পারব না। তবে এটি এমন কিছু যা আমার জন্য সত্যিই অনেক গর্বের।”
২০০৪ সালে লিভারপুলের একাডেমিতে যোগ দেওয়া অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ক্লাবটির বয়সভিত্তিক দলে নেতৃত্ব দিয়েছেন। এবার সিনিয়র দলে তাকে দেখা যাবে নতুন ভূমিকায়। তার আগে সহ-অধিনায়ক ছিলেন জেমস মিলনার। এবারের দলবদলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে যোগ দিয়েছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।
সবশেষ মৌসুমে কোনো শিরোপা না জেতা লিভারপুল আসছে মৌসুমে খেলবে ইউরোপা লিগে। ২০১৬-১৭ মৌসুমের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না ক্লপের দল।
