০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

দোষী সাব্যস্ত হওয়ার পর আপিল করল ম্যানচেস্টার সিটি

কমিশনের মতামতের বিষয়ে আগের অবস্থানেই আছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

দোষী সাব্যস্ত হওয়ার পর আপিল করল ম্যানচেস্টার সিটি

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 06:21 PM

Updated : 02 Oct 2026, 06:21 PM

প্রিমিয়ার লিগের আর্থিক আইন ভাঙার দায়ে স্বাধীন কমিশনের দ্বারা দোষী সাব্যস্ত হওয়ার পর, এর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আপিল করেছে ম্যানচেস্টার সিটি।

গত মঙ্গলবার প্রিমিয়ার লিগের ওই কমিশনের রায়ের পরপরই ক্লাবটি আপিল করবে বলে জানায়। শুক্রবার এক বিবৃতিতে সেটাই নিশ্চিত করল তারা।

সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আনা ১১৫টি অভিযোগের বিশদ তদন্তে ২০২৩ সালে ওই স্বাধীন কমিশন গঠন করা হয়। দীর্ঘ তদন্তে একটি বাদে সব অভিযোগের সত্যতা মিলেছে।

তাদের বিরুদ্ধে আর্থিক সংক্রান্ত অভিযোগগুলো ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুমের সময়কালের; পাশাপাশি ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রিমিয়ার লিগের তদন্তে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে ক্লাবটির বিরুদ্ধে।

তদন্ত ও শুনানি শেষে কমিশনের রায়ে বলা হয়, ওই নির্দিষ্ট সময়কালে বিভিন্ন ব্যবসায়িক অংশীদারের সঙ্গে ‘প্রতারণামুলক চুক্তি’ করে সিটি, একই সঙ্গে কৃত্রিমভাবে ক্লাবের আয় বাড়াতে ও খরচ কমিয়ে দেখাতে ওইসব চুক্তির আশ্রয় নেওয়া হয়।

শুরু থেকেই নিজেদের নির্দোষ দাবি করে আসছে সিটি। কমিশন মতামত জানানোর পরপরই সেটাকে প্রত্যাখ্যান করে তারা এবং ওই রায়কে ত্রটিপূর্ণ আখ্যা দেয় ক্লাবটি।

বৃহস্পতিবার আপিল করার পরদিন দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতেও একইরকম মন্তব্য করেছে সিটি।

“ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব নিশ্চিত করছে, ২০১৬ সালের ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় প্রিমিয়ার লিগের কমিশনের মতামতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ আপিল করা হয়েছে, প্রিমিয়ার লিগের আইনানুগ বিষয়ে।

“এ বিষয়ে ক্লাবটির দৃঢ় অবস্থান হলো, আইন ও নীতিগত এবং ঘটনার বিবেচনায় (কমিশনের রায়ে) স্পষ্টতই তথ্যগত ভুল রয়েছে এবং এগুলো বিপজ্জনক।”