ইপিএলের সিটি-আর্সেনাল ম্যাচ স্থগিত
ইউরোপা লিগের ম্যাচ আয়োজনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউরোপা লিগের ম্যাচ স্থগিত হওয়ার প্রভাব পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। পিএসভি আইন্দোভেনের বিপক্ষে আর্সেনালের ম্যাচ নতুন সূচিতে আয়োজনের জন্য স্থগিত করা হয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলটির লিগ ম্যাচ।
উয়েফা ও প্রিমিয়ার লিগ বুধবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী বৃহস্পতিবার এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল আর্সেনাল ও পিএসভির। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা কর্মী না পাওয়ায় স্থগিত করা হওয়া ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচটি।
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে এই ঘাটতি দেখা দিয়েছে। রাষ্ট্রীয়ভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে ১৯ সেপ্টেম্বর। এত বড় আয়োজনে বাড়তি নিরাপত্তার প্রয়োজন পড়ছে। তাই লাগছে বাড়তি পুলিশ সদস্যও।
নতুন সূচিতে আর্সেনাল-পিএসভির লড়াই হবে আগামী ২০ অক্টোবর। আগের দিনই লিগ ম্যাচে সিটির মুখোমুখি হওয়ার কথা ছিল মিকেল আর্তেতার দলের। কিন্তু আপাতত পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের ম্যাচটি হচ্ছে না।
১৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্সেনাল। টটেনহ্যাম হটস্পারের সমান ১৪ পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে দুই নম্বরে আছে শিরোপাধারী সিটি।
যথা সময়ে আর্সেনাল-সিটি ম্যাচের সূচি জানানো হবে বলে বিবৃতিতে জানিয়েছে ইপিএল কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য ইপিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে উয়েফা।
আর্সেনালের পরের ম্যাচ আগামী রোববার। লিগ ম্যাচে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে তারা। সিটি মাঠে নামবে বুধবার। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লড়বে পেপ গুয়ার্দিওলার দল।
