২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পাঁচ মাসেই অলিম্পিয়াকোস ছাড়লেন মার্সেলো

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখনই অবসর নেওয়ার পরিকল্পনা নেই এই রিয়াল মাদ্রিদ গ্রেটের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2023, 03:50 PM

Updated : 19 Feb 2023, 03:50 PM

গ্রিক ফুটবলে বেশিদিন স্থায়ী হলো না মার্সেলো অধ্যায়৷ চুক্তিবদ্ধ হওয়ার মাত্র পাঁচ মাস পরই অলিম্পিয়াকোসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।

ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে গত শনিবার বিষয়টি নিশ্চিত করেন মার্সেলো।

গত মৌসুমের পর রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হয় মার্সেলোর। এরপর গত সেপ্টেম্বর ফ্রি ট্রান্সফারে অলিম্পিয়াকোসে এক বছরের চুক্তিতে যোগ দেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

এই মৌসুমে গ্রীসের শীর্ষ লিগে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন মার্সেলো, সবগুলোই বদলি হিসেবে।

বিদায়বেলায় ইনস্টাগ্রাম পোস্টে সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মার্সেলো।

“আমি গ্রীসে অবিস্মরণীয় কিছু মুহূর্ত কাটিয়েছি, সেখানে আমাকে দারুণ উষ্ণতায় স্বাগত জানানো হয়েছিল, কেবল আমাকে নয়, আমার পরিবারকেও।”

“যদিও সময়টা খুব অল্প, তবে এখানকার অভিজ্ঞতা এবং আমি যেসব বন্ধুদের পেয়েছি তা আমার জীবনে চিরকাল স্মরনীয় হয়ে থাকবে। আমি অলিম্পিয়াকোসের সফল ভবিষ্যৎ কামনা করি! ধন্যবাদ, অলিম্পিয়াকোস।”

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখনই পেশাদার ক্যারিয়ারের ইতি টানার পরিকল্পনা নেই মার্সেলোর।

রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪৬ ম্যাচ খেলেছেন মার্সেলো। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ সহ জিতেছেন রেকর্ড ২৫টি শিরোপা।

২০০৬ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মার্সেলোর। ব্রাজিলের হয়ে ৫৮টি ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ লেফট-ব্যাক।