২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুকুট ধরে রাখার মিশনে মেয়েদের প্রথম প্রতিপক্ষ নেপাল

গত আসরে যাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, এবারের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ সেই নেপালের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু করবে মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 06:43 PM

Updated : 16 Jan 2024, 06:49 PM

সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতাটি গত বছর অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে হলেও এবার হবে অনূর্ধ্ব-১৯ বছর বয়সীদের নিয়ে। বাংলাদেশের মেয়েরা মুকুট ধরে রাখার মিশন শুরু করবে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে আসর। উদ্বোধনী দিনেই নেপালের বিপক্ষে খেলবে মেয়েরা। এই ভেন্যুতেই গত বছর ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

রাউন্ড রবিন লিগে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ ভারত ও ভুটান। ৪ ফেব্রুয়ারি ভারত এবং ৬ ফেব্রুয়ারি ভুটানের বিপক্ষে খেলবে স্বাগতিকরা।

রাউন্ড রবিন লিগ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ৮ ফেব্রুয়ারি শিরোপা লড়াইয়ে নামবে।

অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০- এই তিন ফরম্যাটে বয়সভিত্তিক প্রতিযোগিতাটি মাঠে গড়িয়েছে সব মিলিয়ে মোট চার বার। তিন বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

২০২২ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া টুর্নামেন্টে শিরোপা জিতেছিল ভারত। তিন দল নিয়ে হওয়া সেই আসরে ভারতের সমান ৯ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের সূচি

২ ফেব্রুয়ারি    নেপাল-বাংলাদেশ

৪ ফেব্রুয়ারি    বাংলাদেশ-ভারত

৬ ফেব্রুয়ারি    বাংলাদেশ-ভুটান

৮ ফেব্রুয়ারি    ফাইনাল