আর্সেনালের বিপক্ষে অনিশ্চিত হলান্ড
অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নরওয়ের এই স্ট্রাইকার।
অ্যাস্টন ভিলার বিপক্ষে দারুণ জয়ের ম্যাচেই একটা দুর্ভাবনা যোগ হয়েছে ম্যানচেস্টার সিটি শিবিরে। চোট পেয়েছেন আর্লিং হলান্ড। তাতে আর্সেনালের বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা নিয়ে জেগেছে সংশয়।
নরওয়ের তারকা এই স্ট্রাইকারকে পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা বললেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলাও।
প্রিমিয়ার লিগে রোববারের ম্যাচে শুরু থেকে দারুণ উজ্জীবিত ছিলেন হলান্ড। দারুণ কয়েকটি আক্রমণ শাণানোর মধ্যে ইলকাই গিনদোয়ানের করা দলের দ্বিতীয় গোলটিতে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। তবে বিরতির পর আর মাঠে নামতে পারেননি তিনি। সিটি ম্যাচটি জেতে ৩-১ গোলে।
এই জয়ে ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। পরের ম্যাচে তারা আগামী বুধবার আর্সেনালের মুখোমুখি হবে; ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিকেল আর্তেতার দল।
অনেকের মতে, শিরোপা লড়াইয়ে ব্যবধান গড়ে দিতে পারে এই দুই দলের মুখোমুখি লড়াই। তাই এমন ম্যাচে হলান্ডকে না পাওয়া সিটির জন্য হতে পারে অনেক বড় ধাক্কা। আসরে এখন পর্যন্ত ২১ ম্যাচে ২৫ গোল করেছেন সাবেক বরুশিয়া ডর্টমুন্ড খেলোয়াড়, যা লিগের সর্বোচ্চ।
অ্যাস্টন ভিলা ম্যাচের পর হলান্ডের চোট প্রসঙ্গে স্কাই স্পোর্টসকে গুয়ার্দিওলা বলেন, আপাতত পর্যবেক্ষণে রাখা হবে ২২ বছর বয়সী এই ফুটবলারকে।
“আমি জানি না (হলান্ডের চোট কতটা গুরুতর)। সে বড় একটা আঘাত পেয়েছিল, অস্বস্তি বোধ করছিল। ৩-০তে এগিয়ে থাকায় আমরা বড় ঝুঁকি নিতে চাইনি। আমরা আগামী কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখব।”
“সে যদি সেরে না ওঠে, আমরা আরেকজনকে খেলাব। আশা করি, সবার মতো সেও প্রস্তুত থাকবে। দেখা যাক, কী হয়।”
