‘কাসেমিরো ইউনাইটেডের সমস্যার সমাধান নয়’
ম্যানচেস্টার ইউনাইটেডের আবার নিজেদের শিরোপার দাবিদার করে তুলতে অনেক বছর সময় লাগবে, বলছেন লিভারপুল গ্রেট ডিটমার হামান।
মাঠের ফুটবলে ছন্নছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডে মিডফিল্ডে শক্তি বাড়াতে দলে টেনেছে কাসেমিরোকে। রিয়াল মাদ্রিদে অসাধারণ পারফর্ম করা ব্রাজিলিয়ানের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই লিভারপুল গ্রেট ডিটমার হামানের। তবে কাসেমিরোকে দিয়ে রাতারাতি ইউনাইটেডের সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন না তিনি। জার্মানির সাবেক এই মিডফিল্ডারের মতে, ওল্ড ট্র্যাফোর্ডের দলটির আবার নিজেদের শিরোপার দাবিদার করে তুলতে অনেক বছর সময় লেগে যাবে।
রিয়ালের অনেক সাফল্যের নায়ক কাসেমিরোর ইউনাইটেডে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায় শুক্রবার রাতে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ৩০ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ৬ কোটি পাউন্ডে দলে টেনেছে ইউনাইটেড। সঙ্গে পারফরম্যান্সভিত্তিক বাড়তি থাকবে আরও ১ কোটি পাউন্ড। চুক্তিটা চার বছরের জন্য, সুযোগ থাকবে পরে আরও এক বছর বাড়ানোর।
২০১৩ সালে রিয়ালে যোগ দেওয়ার পর দলটির হয়ে কাসেমিরো জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি করে লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ, একটি কোপা দেল রে। দলের সেসব সাফল্যে তার ছিল বড় অবদান।
দুঃসময়ের চক্রে থাকা ইউনাইটেড ঘুরে দাঁড়ানোর আশায় দলে এনেছে এমন সফল এক ফুটবলারকে। তবে দা মিররকে দেওয়া সাক্ষাৎকারে হামান বললেন, স্রেফ কাসেমিরোকে নিয়ে খুব বেশি সুবিধা করতে পারবে না ইউনাইটেড।
“কাসেমিরো দুর্দান্ত একজন খেলোয়াড়- মাদ্রিদে সে কী জিতেছে, তা দেখলেই বোঝা যায়। কিন্তু সে লিগ জিততে ইউনাইটেড যাচ্ছে না, তাই না? মৌসুমে মাত্র দুটি ম্যাচ গিয়েছে, এর মধ্যেই পরিষ্কার যে ইউনাইটেড শিরোপা লড়াইয়ের কাছাকাছি কোথাও থাকবে না। লিভারপুল ও ম্যানচেস্টার সিটির চেয়ে তারা যোজন যোজন পিছিয়ে আছে। চেলসি, টটেনহ্যাম এবং আর্সেনালেরও কাছেও তারা ক্রমে হালে পানি পাচ্ছে না।”
"কাসেমিরোকে দলে টানা ছোট একটি পদক্ষেপ, তবে সমস্যার সমাধান সে নয়। ইউনাইটেডকে আবার বড় ট্রফির জন্য চ্যালেঞ্জ জানানোর জন্য বছরের পর বছর ট্রান্সফার মার্কেটে এরিক টেন হাগের পাশে থাকতে হবে। (স্যার অ্যালেক্স) ফার্গুসন অবসর নেওয়ার পর থেকে এটি স্পষ্ট এবং দেখুন, এই পথচলায় তারা কতজন কোচকে বরখাস্ত করেছে।”
হামান নিজেও ছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার। ১৯৯৮ সালে বায়ার্ন মিউনিখ থেকে নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেন তিনি। তবে দলটিতে খেলতে পারেন কেবল এক মৌসুম। সেবার স্যার অ্যালেক্স ফার্গুসনের ইউনাইটেডের কাছেই এফএ কাপের ফাইনালে হেরেছিলেন হামানরা। ইউনাইটেড সেবার জিতেছিল ঐতিহাসিক ‘ট্রেবল।’
এরপর হামান ইংল্যান্ডে সেরা সময় কাটান লিভারপুলের হয়ে। সাত মৌসুমে অ্যানফিল্ডের দলটির হয়ে এই জার্মান জেতেন একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি করে এফএ কাপ ও লিগ কাপসহ বেশ কয়েকটি শিরোপা।
প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে সোমবার লিভারপুলের মুখোমুখি হবে ইউনাইটেড। লিভারপুলের শুরুটাও এবার ভালো হয়নি। ড্র করেছে তারা প্রথম দুই ম্যাচে। গতবার লিগে দুই বারের দেখায় ইউনাইটেডের বিপক্ষে তারা জিতেছিল ৫-০ ও ৪-০ গোলে। এবার ইয়ুর্গেন ক্লপের দলের জন্য কাজটা সহজ হবে না বলেই মনে করেন হামান।
“লিভারপুলের শুরুটা ভালো হয়নি, দুটি ড্র করেছে। এই অবস্থায় এটাই সম্ভবত তাদের শেষ ম্যাচ। ফলাফল যেমন হচ্ছে, ইউনাইটেড এর চেয়ে ভালো দল। তারা এই ম্যাচকে দেখবে নিজেদের মৌসুম শুরু করার ও লিভারপুলের ওপরে যাওয়ার সুযোগ হিসেবে। টেন হাগ যদি তার দল নির্বাচন ও কৌশল ঠিকঠাক করতে পারেন, তাহলে তিনি ক্লপের জন্য সবকিছু কঠিন করে তুলতে পারেন।”
