২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিউসকে নিয়ে আতলেতিকো সমর্থকদের বর্ণবাদী গান

স্থানীয় সংবাদমাধ্যমের ধারণ করা ভিডিওতে ফুটে উঠেছে ভিনিসিউসকে নিয়ে ওয়ান্দা মেত্রোপলিতানোর বাইরে আতলেতিকো সমর্থকদের বর্ণবাদী গান।

ভিনিসিউসকে নিয়ে আতলেতিকো সমর্থকদের বর্ণবাদী গান

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর গোল মুখে ভিনিসিউসের আক্রমণ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2022, 11:10 AM

Updated : 19 Sep 2022, 11:10 AM

ভিনিসিউস জুনিয়রের নাচ ও বর্ণবাদের শিকার হওয়া নিয়ে এমনিতেই চলছিল তুমুল আলোচনা। সেই বিতর্কের আগুণে নতুন করে ঘি ঢেলে দিয়েছে একটি ভিডিও। সেই ফুটেজে ফুটে উঠেছে, ওয়ান্দা মেত্রোপলিতানোযর বাইরে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের নাম ধরে বর্ণবাদী গান গাইছে আতলেতিকো মাদ্রিদের সমর্থেকরা।

লা লিগায় রোববার রিয়াল ও আতলোতিকোর ম্যাচের আগে ধারণ করা হয় সেই ফুটেজ। স্থানীয় রেডিও স্টেশন ‘কোপে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও পোস্ট করে। সেখানে দেখা যায়, শত শত আতলেতিকো সমর্থক সুর করে গাইছে, “ভিনিসিউস তুমি একটা বানর, ভিনিসিউস তুমি একটা বানর।”

শুধু মাঠের বাইরেই নয়, ম্যাচের সময় গ্যালারি থেকেও ভিনিসিউসকে বর্ণবাদী গালি দেওয়া হয়েছে বলে খবর স্থানীয় বেশ কিছু সংবাদমাধ্যমের। ম্যাচজুড়েই ব্রাজিলিয়ান এই তরুণ তারকার নাম ধরে বর্ণবাদী নানা কথা, এমনকি ‘ভিনিসিউস, মরে যাও’ স্লোগান শোনা গেছে বলেও খবর প্রকাশিত হয়েছে।

এটা নিয়ে আতলেতিকোর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। তবে পরে তারা টুইটারে ছোট্ট করে বার্তা দেয়, “আবেগ নিয়ে আতলেতিকোকে সমর্থন করুন এবং সম্মান জানান প্রতিপক্ষকে।”

এই ম্যাচের আগে থেকেই কিছুদিন ধরে খবরের শিরোণামে আছে ভিনিসিউসের উদযাপন ও তার প্রতি বর্ণবাদী মন্তব্য। গোল করার পর বেশির ভাগ সময় নেচে উদযাপন করেন এই ব্রাজিলিয়ান। গত সপ্তাহে লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচেও তার সেই চেনা নাচের ছন্দ দেখা যায়।

Image

মাদ্রিদ ডার্বিতে গ্যালারিতে আতেলতিকো সমর্থকদের একাংশ।

তার সেই উদযাপন নিয়েই স্প্যানিশ ফুটবল এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পেদ্রো ব্রাভো বিতর্কিত মন্তব্য করেন। টিভিতে এক অনুষ্ঠানে তিনি ভিনিসিউসের উদ্দেশে বলেন গোল উদযাপনে বানরের মতো আচরণ বন্ধ করতে। পরে তুমুল সমালোচনার মুখে অবশ্য তিনি দাবি করেন, এটা বর্ণবাদী আচরণে উদ্দেশ্য তার ছিল না, প্রচলিত একটি ‘স্প্যানিশ রূপক’ তিনি ব্যবহার করেছেন।

এর আগে আতলেতিকোর মিডফিল্ডার কোকে বলেছিলেন, মাদ্রিদ ডার্বিতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় ভিনিসিউস ওভাবে নেচে উদযাপন করলে বিপদ হতে পারে।

ব্রাভো ও কোকের সেসব মন্ত্যব্য নিয়ে আলোচনার ঝড় ওঠে ফুটবল বিশ্বে। ভিনিসিউসের সমর্থনে বিশ্বের নানা প্রান্ত থেকে ব্রাজিলিয়ানরা তো বটেই, আরও অনেক তারকাই সমর্থন জানান। এসবের মধ্যেই এবার বর্ণবাদী গানের ওই ভিডিও প্রকাশ পেল।

এই ম্যাচে রোববার রিয়াল ২-১ গোলের জয়ে ধরে রাখে জয়ের ধারা। দলের প্রথম গোলটি করার পর আতলেতিকো সমর্থকদের সামনে ভিনিসিউসের মতোই নেচে উদযাপন করেন ব্রাজিলিয়ান রদ্রিগো, তার সঙ্গে যোগ দেন ভিনিসিউস ও অন্যরাও।