আর্সেনালের জয়ে ১৫ বছর বয়সী নওয়ানেরির ৩ রেকর্ড
প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ ফুটবলার এখন আর্সেনালের এই মিডফিল্ডার।
ম্যাচের ফল নিয়ে তখন ছিল না কোনো সংশয়। চার মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফাবিও ভিয়েইরার বদলি হিসেবে মাঠে নামলেন ইথান নওয়ানেরি। সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতায় নাম উঠে গেল আর্সেনালের এই কিশোর মিডফিল্ডারের।
প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের মাঠে রোববার আর্সেনালের ৩-০ গোলে জয়ের ম্যাচে অভিষেক হয় ১৫ বছর বয়সী নওয়ানেরির। একসঙ্গে নাম লেখান তিনি তিনটি রেকর্ডে।
প্রিমিয়ার লিগে আর্সেনালের সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন নওয়ানেরি; ১৫ বছর ১৮১ দিন বয়সে ইংল্যান্ডের শীর্ষ লিগে মাঠে নামলেন তিনি। প্রতিযোগিতাটিতে আর্সেনালের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ডটি এতদিন ছিল জ্যাক উইলশেয়ারের, ১৬ বছর ২৫৬ দিন।
প্রিমিয়ার লিগের ১৬ বছরের কম বয়সী প্রথম খেলোয়াড়ও নওয়ানেরি, আগের সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ড ছিল লিভারপুলের হার্ভে এলিয়টের। ২০১৯ সালের মে মাসে ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগে তার অভিষেক হয়েছিল ১৬ বছর ৩০ দিন বয়সে।
এমিরেটস স্টেডিয়ামের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের আগের রেকর্ডটা ছিল সেস ফাব্রেগাসের। ২০০৩ সালে লিগ কাপে তিনি খেলতে নেমেছিলেন ১৬ বছর ১৭৭ দিন বয়সে।
সবগুলো রেকর্ডই নিজের করে নিলেন ২০০৭ সালে জন্ম নেওয়া নওয়ানেরি। নাইজেরিয়ান বাবা-মায়ের সন্তান এই ফুটবলার ৯ বছর বয়সে যোগ দেন আর্সেনালের একাডেমিতে। খেলেন তাদের বয়সভিত্তিক দলে। এই মাসে প্রথমবার মূল দলে ডাক পান তিনি। এবার হয়ে গেল স্বপ্নের অভিষেক।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে এ দিন ম্যাচ জুড়ে দাপুটে পারফরম্যান্স দেখানো আর্সেনাল প্রথমার্ধে উইলিয়াম সালিবা ও গাব্রিয়েল জেসুসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে তৃতীয় গোলটি করেন ভিয়েইরা।
এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল। ৭ ম্যাচে ছয় জয়ে মিকেল আর্তেতার দলের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ১৭ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার।
