হৃদযন্ত্রের সমস্যায় মাঠের বাইরে বায়ার্নের মাজরাওয়ি
ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে মরক্কোর এই ডিফেন্ডার।
কোভিডে আক্রান্ত হওয়ার পর হৃদযন্ত্রের সমস্যায় লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের নুসায়ার মাজরাওয়ি। জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মরক্কোর এই ডিফেন্ডারকে।
২৫ বছর বয়সী মাজরাওয়ি সবশেষ ম্যাচ খেলেছেন গত ডিসেম্বরে, কাতার বিশ্বকাপে সেমি-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে। ওই ম্যাচে ফরাসিদের কাছে হেরে থামে মরক্কোর রূপকথার যাত্রা।
কোভিডে আক্রান্ত হওয়ায় শেষ আটে পর্তুগালের বিপক্ষে তিনি খেলতে পারেননি। পর্তুগিজদের বিপক্ষে অবশ্য ১-০ গোলের জয়ে সেরা চারের মঞ্চে ওঠে আফ্রিকার দলটি।
বায়ার্ন শুক্রবার টুইট করে জানায়, পরীক্ষায় মাজরাওয়ির হৃদযন্ত্রে সমস্যা ধরে পড়েছে। তার ‘পেরিকার্ডিয়াম’ (হৃৎপিণ্ড ঘিরে থাকা একটি থলি) স্ফীত হয়ে গেছে। তিনি এখন চিকিৎসা চালিয়ে যাবেন।
জার্মান পত্রিকা বিল্ড জানিয়েছে, এই সময়ে মাজরাওয়িকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়েছে।
