সালাহর ডান পায়ের ঝলকে মুগ্ধ ক্লপ
লিভারপুল কোচের মতে, প্রতিনিয়তই নিজের খেলায় উন্নতির ছাপ রেখে চলেছেন এই ফরোয়ার্ড।
গত মৌসুমে যেখানে থেমেছিলেন, নতুন মৌসুমে যেন ঠিক সেখান থেকেই শুরু করেছেন মোহামেদ সালাহ। দারুণ ছন্দে লিভারপুলের এই মিশরীয় ফরোয়ার্ড। নিজে গোল করছেন, সতীর্থদের গোলে রাখছেন অবদান। নিজের খেলাকে পরের ধাপে নিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। এমনিতে যেমন বাঁ পায়ের ফুটবলার হলেও মৌসুমের শুরুতে তিনি কোচকে চমকে দিয়েছেন ডান পায়ের খেলায় দারুণ উন্নতি দেখিয়ে।
২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগের শুরুটা যদিও ভালো হয়নি লিভারপুলের। শুরুর দুই ম্যাচই ড্র করেছে তারা। তবে সালাহ ঠিকই তার ছন্দ ধরে রেখেছেন।
দলের প্রথম তিন ম্যাচে দুইবার জালের দেখা পেয়েছেন তিনি, সঙ্গে অ্যাসিস্ট একটি। এছাড়া এই তিন ম্যাচে তিনি গোলের সুযোগ তৈরি করেছেন ১২ বার। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের চেয়ে যা ঢের বেশি (৭ বার)
ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে এখন পর্যন্ত সালাহর চেয়ে সুযোগ বেশি তৈরি করেছেন মাত্র দুজন। বরুশিয়া মনশেনগ্লাডবাখের আলাসেন প্লিয়া এবং পিএসজির নেইমার।
সালাহর সামনে এবার সুযোগ চতুর্থবার প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতে থিয়েরি অঁরির রেকর্ড ভাগ বসানোর।
যেভাবে তার উন্নতি হচ্ছে, রেকর্ডটি তার না করার কারণও নেই। ক্লপের মতে, সময়ের সঙ্গে আরও ধারাল ও সমৃদ্ধ হচ্ছেন সালাহ।
“আমার মনে হয় ছুটিতে সে ডান পায়ে খেলাটা আয়ত্ত করেছে। সে সব সময়ই উন্নতি করেছে। এটা সত্যিই দারুণ। এই মৌসুমে সে হাজির হয়েছে ডান পায়ের ক্রস নিয়ে।”
“অবশ্যই সে দুর্দান্ত পেশাদার এবং সব সময় নিজের খেলায় নতুন কিছু যোগ করা চেষ্টা করে। অনেক উঁচু মানের স্ট্রাইকার সে, এটা শুধু গোলের সংখ্যার বিচারে নয়, অ্যাসিস্টের দিক থেকেও। এটা অনেক বড় ব্যাপার।”
প্রিমিয়ার লিগে আগামী সোমবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে লিভারপুল। তাদের বিপক্ষে এখনও পর্যন্ত ৯ গোল সালাহর।
আরেকটি করতে পারলেই লিভারপুলের প্রথম ফুটবলার হিসেবে তিনি স্পর্শ করবেন ইউনাইটেডের বিপক্ষে গোলের দুই অঙ্ক। ক্লপের বিশ্বাস, মাইলফলকের হাতছানি উজ্জীবিত করবে সালাহকে।
“আমি মোটামুটি নিশ্চিত, সে এটা জানে। আমি জানতাম না, তবে আমি অনেকটা নিশ্চিত যে সে এটা জানে। আমাদের জন্য এটা ভালো খবর!
