২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদর্শগত ও রাজনৈতিক ‘যুদ্ধ’ বাদ দিতে দলগুলোকে ফিফার বার্তা

বিশ্বকাপ সামনে রেখে দলগুলোকে ফুটবলে মনোযোগ দেওয়ার বার্তা দিয়েছে ফিফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 08:26 PM

Updated : 04 Nov 2022, 08:34 PM

অভিবাসী শ্রমিকদের প্রতি কাতারের আচরণ নিয়ে অনেক দেশই প্রতিবাদে মুখর। এই ইস্যুতে এবার মুখ খুলল ফিফা। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোকে আদর্শগত ও রাজনৈতিক ‘যুদ্ধ’ বন্ধ করে ফুটবলে মনোযোগ দেওয়ার বার্তা দিল বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।  

কাতার বিশ্বকাপ মাঠে গড়ানোর আর বেশি দেরি নেই। আগামী ২০ নভেম্বরে পর্দা উঠবে বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ আসরের। কাতার আয়োজক সত্ব পাওয়ার পর দেশটির গরম আবহাওয়া নিয়ে আলোচনা হয় অনেক। ফুটবলের জন্য এমন বিরূদ্ধ কন্ডিশনের পরও সেখানে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে কড়া সমালোচনাও হয় 

এরপর যোগ হয় অভিবাসী শ্রমিকদের প্রতি তাদের অন্যায় আচরণের অভিযোগ। কদিন আগেও জোরপূর্বক শ্রমিকদের উচ্ছেদ করার খবর প্রকাশ করে রয়টার্স।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ফিফার মহাসচিব ফাতমা সামৌরা এ বিষয় নিয়ে আর জল ঘোলা না করার আহ্বান জানিয়েছেন। দুজনের উদ্ধৃতি দিয়ে স্কাই নিউজ তাদের প্রতিবেদনে তুলে ধরেছে বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের প্রতি ফিফার বার্তাটি।

“দয়া করে এখন ফুটবলে মনোযোগ দিন।”  

“আমরা জানি, ফুটবল ভিন্ন কোনো জগতের নয় এবং সমানভাবে আমরা সারা বিশ্বের অনেকরকম রাজনৈতিক জটিলতা এবং নানা চ্যালেঞ্জ সম্পর্কেও সচেতন। কিন্তু দয়া করে, এসব আদর্শগত ও রাজনৈতিক যুদ্ধের মধ্যে ফুটবলকে টেনে নিতে দেবেন না।”

এ বিষয়ে ফিফার সঙ্গে যোগাযোগ করে সাড়া পায়নি রয়টার্স।

গত সপ্তাহে অস্ট্রেলিয়া দল কাতারের মানবাধিকার ও সমকামিদের বিষয়ে তাদের অবস্থান নিয়ে প্রতিবাদ জানায়।

ডেনমার্ক দল গত মাসে জানিয়েছিল, মানবাধিকার লঙ্ঘনের কারণে পরিবার নিয়ে দলটির খেলোয়াড়রা কাতার ভ্রমণ করবেন না।

এসব প্রতিবাদের প্রেক্ষিতে ফিফা তাদের পাঠানো চিঠিতে সংস্থার অবস্থান জানিয়ে দিয়েছে দলগুলোকে। ফিফার চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল অস্ট্রেলিয়া; কিন্তু তারাও এ নিয়ে কোনো মন্তব্য করেনি।