Published : 29 Dec 2023, 09:14 PM
কাঁধে চোট পাওয়ার পর অনেক দিন ধরে মাঠের বাইরে আছেন অ্যান্ডি রবার্টসন। লিভারপুলের জন্য দুঃসংবাদ, আরও অনেকগুলো ম্যাচ তাকে ছাড়াই খেলতে হবে। দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, এখনও মাঠে ফেরার কাছাকাছি অবস্থায় নেই এই স্কটিশ ডিফেন্ডার।
গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাঁধে চোট পান রবার্টসন। এরপর থেকেই তিনি আছেন মাঠের বাইরে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে কেবল ৮টি ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।
এক সংবাদ সম্মেলনে শুক্রবার ক্লপ তুলে ধরেন রবার্টসনের চোটের সবশেষ পরিস্থিতি। অভিজ্ঞ এই ফুটবলার কবে ফিরতে পারেন, সেটা নিয়েও অনিশ্চিত এই জার্মান কোচ।
“সে এখনও দলের সঙ্গে অনুশীলন শুরু করার ধারে কাছে নেই। সে অনেক কিছু করতে পারে, হাত ঠিকমতো ব্যবহার না করে সে সবকিছু করতে পারে যা ভালো দিক। তবে অন্যদিকে এটা দেখিয়ে দিচ্ছে যে, আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। নিশ্চিতভাবে আমি মনে করি সে পুরো জানুয়ারি (মিস করবে)। তাকে ধীরে ধীরে মাঠে ফেরার কাছাকাছি যেতে হবে।”
লিভারপুলের পরবর্তী ম্যাচ আগামী সোমবার, প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। ইংল্যান্ডের শীর্ষ লিগে ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।