২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩২ দলের ক্লাব বিশ্বকাপের প্রথম আসর যুক্তরাষ্ট্রে

ক্লাব বিশ্বকাপকে সত্যিকার অর্থে বৈশ্বিক রূপ দিতে ৩২ দলের টুর্নামেন্টের কথা জানানো হয়েছিল গত মার্চে, এবার ঘোষণা করা হলো স্বাগতিক দেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 10:47 AM

Updated : 24 Jun 2023, 10:47 AM

৩২ দলকে নিয়ে পরিকল্পিত ক্লাব বিশ্বকাপের প্রথম আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালে হবে প্রথমবারের মতো বড় পরিসরের এই ক্লাব বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা শুক্রবার ঘোষণা করে স্বাগতিক দেশের নাম।

পরপর তিন বছরে যুক্তরাষ্ট্রে তিনটি বড় ফুটবল আসর আয়োজন নিশ্চিত হলো এতে। ২০২৪ সালে কোপা আমেরিকা আয়োজন করবে তারা। ২০২৬ সালে কানাডা ও মেক্সিকোর সঙ্গে তারা বিশ্বকাপ ফুটবলের যৌথ আয়োজক।

গত মার্চে ফিফা জানায়, ২০২৫ সাল থেকে চার বছর পরপর অনুষ্ঠিত হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপকে সত্যিকার অর্থেই বৈশ্বিক রূপ দিতে ও টুর্নামেন্টের আবেদন আরও বাড়াতে এই উদ্যোগ নেয় তারা। এখনকার ৭ দলের ক্লাব বিশ্বকাপ বিলুপ্ত হয়ে যাবে এই বছরের পর থেকে।

নতুন ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ২০২১ থেকে ২০২৪ সালের মহাদেশীয় চ্যাম্পিয়নরা। ইউরোপ থেকে তাই চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলা নিশ্চিত হয়ে গেছে।

ক্লাব বিশ্বকাপের পাশাপাশি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নতুন স্বাগতিকের নামও জানিয়েছে ফিফা। আগামী ১০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর টুর্নামেন্টটি হবে ইন্দোনেশিয়ায়। যদিও এই আসর হওয়ার কথা ছিল পেরুতে। তবে অবকাঠামোগত চাহিদা পূরণ করতে না পারায় তাদেরকে বাদ দেওয়া হয়।